২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অন্যায়ভাবে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিলো আমাকে’

বহিরাগত ও নবাগতদের জন্য বলিউড মোটেও বন্ধুসুলভ নয়- এমন মন্তব্য করেছেন অনেক তারকাই। কাস্টিং কাউচ থেকে শুরু করে স্বজনপ্রীতির শিকার হয়ে ঝরে পড়েন অনেক প্রতিভা, এমন বক্তব্যে সরব হয়েছিলেন কঙ্গনা রানাউত। প্রিয়াঙ্কা চোপড়া জানালেন এমন অভিজ্ঞতার শিকার হয়েছিলেন তিনিও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 09:21 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

ক’দিন আগেই ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসে খোদ করণ জোহরকেই আক্রমণ করে বসেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সে সময় করণ জোহরকে ‘মুভি মাফিয়া’ ও ‘স্বজনপ্রীতির ধ্বজাধারী’ বলে অভিহিত করে শোরগোল ফেলে দেন ‘রেঙ্গুন’ অভিনেত্রী। এবার সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া বললেন- স্বজনপ্রীতির শিকার হয়েছিলেন তিনিও!

মিড-ডে’কে দেওয়া সাক্ষাতকারে প্রিয়াঙ্কা বলেন, “বলিউডে স্বজনপ্রীতি রয়েছে এটা খুবই সত্যি কথা। তারকা-সন্তানদের বিপরীতে বহিরাগত অভিনেতা-অভিনেত্রীদের একটু বেশিই বৈষম্যের শিকার হতে হয়। এটা সত্যি যে মেধাশূন্য হলে সে তারকা-সন্তান হোক অথবা যেই হোক বেশিদিন টিকতে পারবে না। কিন্তু একজন নবাগত অভিনেতা বা অভিনেত্রীকে যেভাবে মূল্যায়ণ করা হয় তা কখনই তারকা পরিবার থেকে আসা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে করা হয় না।”

প্রিয়াঙ্কা আরও বলেন, “আমি যখন বলিউডে নতুন তখন বেশ কয়েকবার স্বজনপ্রীতির শিকার হয়েছি। একবার অন্যায়ভাবে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিলো আমাকে। আমার বদলে অন্য একজনের নাম প্রস্তাব করা হয়েছিলো প্রযোজকের কাছে। অপমান সহ্য করতে না পেরে গোপনে কেঁদেছি কিন্তু এর কোনো প্রতিবাদ করতে পারিনি।”

এ মুহূর্তে হলিউডে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। ২ জুন মুক্তি পাবে তার প্রথম হলিউডি সিনেমা ‘বেওয়াচ’।