২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নজর কাড়লো শিশুশিল্পী মার্টিনের সঙ্গে সালমানের নতুন ছবির পোস্টার

‘টিউবলাইট’য়ের নতুন পোস্টারে শিশুশিল্পী মার্টিন রে টাঙ্গু-র সঙ্গে ‘সুলতান’ তারকার সুন্দর ছবিটি নজর কেড়েছে সকলের। এরই মধ্যে সাড়া ফেলেছে সালমানের নতুন ছবির এই পোস্টারটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2017, 09:49 PM

Updated : 11 Oct 2022, 01:56 PM

১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পটভূমিতে নির্মিতব্য ছবি ‘টিউবলাইট’। কবীর খানের পরিচালনায় এতে অভিনয় করছেন সালমান খান ও চীনা অভিনেত্রী জু জু। এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন ভারতের অরুণাচল প্রদেশের বাসিন্দা মার্টিন রে টাঙ্গু। এর আগে অস্কারজয়ী চীনা অভিনেতা জ্যাকি চ্যানের অনুষ্ঠানে এক সঙ্গে হাত ধরে হাঁটতে দেখা গেছে সালমান ও মার্টিনকে। তাদের যুগল ছবি সে সময় ভাইরাল হয়েছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

টুইটারে ‘টিউবলাইট’য়ের নতুন পোস্টার প্রকাশ করে সালমান লিখেছেন, “এবারে এই ছোট ছেলেটাই আমার বড় মানুষ!” পোস্টারে সালমানকে জড়িয়ে ধরে তার মাথায় মাথা ঠেকিয়ে রাখতে দেখা গেছে মার্টিনকে। পেছনে মানালিতে ধারণ করা পাহাড়ি দৃশ্য আর তার ভেতরে সারি সারি হেঁটে যাচ্ছে কিছু মানুষ। দু’টি ছবির জোড়া লাগিয়ে তৈরি করা এ পোস্টারটিতে ফুটে উঠেছে সিনেমাটির মূল ভাব।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মার্টিনের সঙ্গে নাকি এরই মধ্যে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছেন সালমান! এ তারকাকে এর আগেও ‘বজরঙ্গী ভাইজান’ ছবিতে শিশুশিল্পী হার্শালি মালহোত্রা’র সঙ্গেও সুন্দর মানিয়ে নিতে দেখা গেছে।

ঈদুল ফিতরকে সামনে রেখে ২৩ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি।