রজনীকান্তকে নিয়ে ছবি বানালে কোনো সংলাপ দেবেন না রাজামৌলি!
এ মুহূর্তে ‘বাহুবলী’ জ্বরে কাঁপছে ভারত! তেলুগু ভাষার মূল ছবির আয় এরই মধ্যে ছাড়িয়েছে ৫০০ কোটি রুপি! তামিল তারকা রজনীকান্তকে নিয়ে ছবি বানাতে ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলির প্রতি অনুরোধ জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
‘বাহুবলী-টু: দ্য কনক্লুশন’য়ের হিন্দি সংস্করণ তেমন একটা দর্শক টানতে না পারলেও, তেলুগু ভাষায় নির্মিত মূল ছবিটি এরই মধ্যে ঘরে তুলেছে ৫০০কোটি রূপি! ভারতের ইতিহাসে বক্সঅফিসে ঝড় তোলা শীর্ষ আয়ের ছবি এখন এটিই। ‘বাহুবলী’র এই জনপ্রিয়তাকে অনেকেই তুলনা করছেন তামিল তারকা রজনীকান্তের জনপ্রিয়তার সঙ্গে। দক্ষিণ ভারতীয় নির্মাতা আলফোন্স পুথরেন বলছেন, রজনীকান্তকে নিয়ে যদি ছবি বানান রাজামৌলি তবে তা হলিউডের শীর্ষ আয়ের ছবি ‘অ্যাভাটার’কেও হার মানাবে!
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সম্প্রতি এক টুইট পোস্টে আলফোন্স পুথরেন লিখেছেন, “আশা করছি এরপর রজনীকান্তকে নিয়ে ছবি বানানোর কথা ভাববেন ‘বাহুবলী’ পরিচালক। আর তা যদি ঘটে তবে হলিউডের শীর্ষ আয়ের ছবি ‘অ্যাভাটার’কের ছাড়িয়ে যাবে সেটি!” দক্ষিণ ভারতীয় নির্মাতা আলফোন্স পুথরেন এর প্রথম ছবি ‘নিরাম’ মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় ছবি ‘প্রেনাম’ দিয়ে এরই মধ্যে দর্শকের মন জয় করেছেন এ তরুণ নির্মাতা।
এর আগে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে রাজামৌলি বলেছিলেন, “এ মুহূর্তে রজনীকান্তকে নিয়ে ছবি বানানোর মতো কোনো চিত্রনাট্য আমার হাতে নেই। তাকে নিয়ে যদি কখনো ছবি বানাই তবে তাতে অবশ্যই কোনো সংলাপ রাখবো না! কারণ দর্শকের চিৎকারে তো সে ছবির কথা কিছু শোনাই যাবে না!”
এ মুহূর্তে নতুন ছবি ‘টু পয়েন্ট জিরো’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রজনীকান্ত। ‘বাহুবলী-টু’কে ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য রয়েছে একমাত্র রজনীকান্তের এ সাইন্স ফিকশন ছবিটির- এমনটিই ধারণা চলচ্চিত্র বিশেষজ্ঞদের।
