যৌন নৃশংসতা দেখানোয় ‘মাতৃ’ নিষিদ্ধের খবরটি ভুয়া: রবীনা
ক’দিন আগেই ভারতীয় গণমাধ্যম্যের প্রতিবেদনে বলা হয়েছিলো অতিমাত্রার যৌন সহিংসতা দেখানোয় নিষিদ্ধ হচ্ছে রবীনা ট্যান্ডন অভিনীত ‘মাতৃ’। খবরটিকে গুজব বলেই উড়িয়ে দিলেন তিনি।
‘মাতৃ’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পরে অভিনয়ে ফিরছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রবীনা ট্যান্ডন- এমনটাই আশা রবীনার ভক্তদের। ট্রেইলারে দেখেই থ্রিলারধর্মী এ ছবিটির বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন দর্শক। তবে নারী অধিকার বিষয়ে নির্মিত এ ছবিতে ধর্ষণদৃশ্য ও অতিমাত্রায় যৌন নৃশংসতা দেখানো হয়েছে এমন অভিযোগে সেন্সরবোর্ডে আটকে গিয়েছিলো আশতার সাইদ পরিচালিত এ ছবিটি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ‘মাতৃ’ নিষিদ্ধের খবরটিকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন রবীনা। ‘মাতৃ’ ছবির সেন্সর জটিলতা নিয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সেন্সর বোর্ড ‘মাতৃ’কে নিষিদ্ধ করেনি। ধর্ষণ কিংবা যৌনদৃশ্যগুলো নিয়েও তাদের আপত্তি নেই। সমস্যা হয়েছে এ ছবির কিছু ‘সংলাপ’ নিয়ে।”
এ সময় রবীনা আরও বলেন, “সেন্সর বোর্ডের সদস্যদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা খুবই ইতিবাচক তবে এ বিষয়ে তাদের কিছু আইন মেনে চলতে হয় আর এই আইনগুলো খুবই সেকেলে। আমি এ ছবির একজন অভিনেত্রী মাত্র। তাই এর বেশি কিছু আমি বলতে পারবো না। বাকিটা পরিচালক ও প্রযোজক ভালো বলতে পারবেন।”
সেন্সর বোর্ডের এক সদস্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “ সেন্সর বোর্ডে ‘মাতৃ’ সিনেমাটিকে নিষিদ্ধ করা হয়নি। ছবিতে কিছু সমস্যা রয়েছে সেগুলো মিটে গেলেই মুক্তি দেওয়া হবে ছবিটিকে।” সব ঠিক থাকলে ২১ এপ্রিল নির্ধারিত দিনেই মুক্তি পাবে রবীনা ট্যান্ডনের নতুন সিনেমাটি।
