২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমির-রজনীকান্তের দ্বৈরথে এবার অজয়ও!

চলতি বছরের দীপাবলীতে বক্স অফিস সংঘর্ষের মুখে পড়তে যাচ্ছে আমির খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’, রজনীকান্ত-অক্ষয় কুমার অভিনীত ‘টু পয়েন্ট জিরো’ আর অজয় দেবগন অভিনীত ‘গোলমাল এগেইন’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 08:14 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

আগেই জানা গিয়েছিল দীপাবলীর মৌসুমে একইসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে আমির খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ এবং রজনীকান্ত’র ‘টু পয়েন্ট জিরো’। এবার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে নিশ্চিত করলেন, দীপাবলীর তৃতীয় সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে অজয় দেবগন-এর গোলমাল সিরিজের পরবর্তী পর্ব ‘গোলমাল এগেইন’।

টুইটারে এক পোস্টে তরণ লিখেছেন “ ‘গোলমাল এগেইন’ মুক্তি পাচ্ছে ২০১৭’র দীপাবলীতে। সংঘর্ষ অনিবার্য : ‘টু পয়েন্ট জিরো’, ‘সিক্রেট সুপারস্টার’ আর ‘গোলমাল এগেইন’।”

পরে আরও এক টুইটে তিনি লিখেছেন, “এবারের দীপাবলীতে রাজ-রাজড়াদের লড়াই। অক্ষয় কুমার-এর সঙ্গে রজনীকান্ত, বনাম আমির খান বনাম অজয় দেবগন।”

‘গোলমাল এগেইন’-এর অভিনেত্রী পরিণীতি চোপড়াও টুইটারে সিনেমাটির একটি ছবি শেয়ার করে নিশ্চিত করেছেন খবরটি।

এর আগে আমির খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’-এর মুক্তি পাওয়ার কথা ছিল আগস্টে। কিন্তু ওই সময়ে শাহরুখ খান-এর সিনেমা মুক্তির কথা থাকায় আগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন আমির। রজনীকান্ত’র সঙ্গে কথা বলে দুজনে মিলেই ঠিক করেন একই দিনে মুক্তি পাবে ‘টু পয়েন্ট জিরো’ এবং ‘সিক্রেট সুপারস্টার’।

‘সিক্রেট সুপারস্টার’-এ আমির খান-এর সঙ্গে অভিনয় করবেন জাইরা ওয়াসিম। এর আগে জাইরা আমির-এর সঙ্গে অভিনয় করেছেন ‘দঙ্গল’ সিনেমায়।