২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে স্ত্রী-পুত্রের সান্নিধ্যে শাকিব খান

হাসপাতালে গিয়ে স্বামী শাকিব খানকে দেখে এলেন অপু বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদক

ও গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 08:23 PM

Updated : 19 Aug 2022, 04:20 PM

ছেলে আব্রাহাম খান জয়কে পেয়ে এই চিত্রতারকা আনন্দে মেতে ওঠেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠরা।

হঠাৎ করেই বিয়ে ও সন্তানের কথা অভিনেত্রী অপু ফাঁস করার পর দেশজুড়ে তোলপাড়ের মধ্যে বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন শাকিব।

বিকালে সন্তান জয়কে নিয়ে তাকে দেখতে যান অপু। গণমাধ্যমের চোখ এড়াতে বোরকা পরে হাসপাতালে যাওয়া অপু সেখানে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

অপু পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজের ও ছেলের শারীরিক অবস্থার পাশাপাশি পারিবারিক বিষয়েও কথা হয়েছে তাদের।

নববর্ষের দিন দুজনেই আবার একসঙ্গে থাকতে শুরু করবেন বলে গণমাধ্যমে আসা খবরের বিষয়ে এই অভিনেত্রী বলেন, “একসঙ্গে থাকার কথা আসছে কেন? আমরা কি আলাদা ছিলাম? শাকিব আগে সুস্থ হয়ে ফিরুক। তারপর…..”

শাকিবের শারীরিক সমস্যার বিষয়ে জানতে চাইলে অপু বলেন, “গ্যাস ফর্ম করেছে। শরীর ওর ভীষণ দুর্বল। ডাক্তাররা এখন তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছে। তাছাড়া ওর প্রেসারও ফল করেছিল কদিন আগে।”

“বেশ ধকল গেছে তার,” বলেন অপু, যিনি সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর সারাদেশের চোখ এখন এই চলচ্চিত্র জগতের এই দুই তারকা জুটির উপর।  

ল্যাব এইড হাসপাতালে উপস্থিত চলচ্চিত্র নির্মাতা শামিম আহমেদ রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন শাকিবের শারীরিক অবস্থা নিয়ে আশংকার কোনো কারণ নেই। এখন শুধু কিছু রিপোর্টের অপেক্ষা।

“রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে শাকিব খানকে হাসপাতালে অবস্থান করতে হবে কি না।”

Image
সোমবার একটি টিভিতে বিস্ফোরক সাক্ষাৎকার দেওয়ার পর ঢাকার নিকেতনের বাসায় সাংবাদিকদের মুখোমুখি অপু বিশ্বাস

সোমবার একটি টিভিতে বিস্ফোরক সাক্ষাৎকার দেওয়ার পর ঢাকার নিকেতনের বাসায় সাংবাদিকদের মুখোমুখি অপু বিশ্বাস

দীর্ঘদিন আড়ালে থাকার পর নায়িকা অপু বিশ্বাস গত সোমবার হঠাৎ ছেলে কোলে এক টেলিভিশনে লাইভে হাজির হয়ে বোমা ফাটান। তিনি জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে সেই ২০০৮ সালে।  আর তাদের সন্তানের জন্ম হয়েছে গতবছর কলকাতায়।

ক্যারিয়ারের কথা ভেবে এতদিন সব গোপন রাখলেও শাকিব তাকে ছোট করায় সব প্রকাশ করার সিদ্ধান্ত নেন বলে জানান অপু। 

ওই ঘটনার পর থেকেই এ তারকা জুটিকে নিয়ে সরগরম রয়েছে গণমাধ্যম। দুজনকেই বিভিন্ন টেলিভিশনে একাধিকবার নিজের বক্তব্য তুলে ধরতে দেখা গেছে।  

ঘনিষ্ঠজনরা বলছেন, অপু বিশ্বাস ও সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে এই আলোচনায় ‘প্রচণ্ড মানসিক চাপে’ রয়েছেন শাকিব খান। বিব্রত, ক্ষিপ্ত এই চিত্রনায়ক গত কয়েক দিনে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেননি।