‘আলিয়া এ যুগের অমিতাভ বচ্চন’!
সম্প্রতি ‘লোকমাত মহারাষ্ট্রীয়ান’ পুরস্কার আসরে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে বিগ-বি অভিতাভ বচ্চনরে সঙ্গে তুলনা করছেন রণবীর কাপুর!
১২ এপ্রিল মুম্বাইতে অনুষ্ঠিত ‘লোকমাত মহারাষ্ট্রীয়ান’ পুরস্কার আসরে উপস্থিত ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এবারের আসরে ২০১৬’র সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জিতে নেন এই দু’তারকা। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত রণবীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ‘হাইওয়ে’ তারকা আলিয়া ভাটের।
ইন্ডিয়া টুডে বলছে, সেরা অভিনেতার পুরস্কার জয়ের পর রণবীরকে আলিয়ার সবচেয়ে আকর্ষণীয় দিকটি কি?- জানতে চাওয়া হলে তিনি বলেন, “আলিয়া হচ্ছে এ যুগের অমিতাভ বচ্চন!” এ সময় ‘হাইওয়ে’ ছবিটি এ তারকার সেরা কাজ বলেও মন্তব্য করেন রণবীর।
২০১৬’তে মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত তিনটি ছবি- ‘কাপুর এ্যান্ড সন্স’, ‘উড়তা পাঞ্জাব’ ও ‘ডিয়ার জিন্দেগি’। তিনটি ছবিই ভালো ব্যবসা করেছে বক্সঅফিসে। অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়ালেও জাতীয় পুরস্কার ঘরে আনতে পারেনি আলিয়া। এ নিয়ে তার ভক্তদের মধ্যে অনেকেই আক্ষেপ করেছেন।
সামনেই ‘ড্রাগন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন রণবীর ও আলিয়া। অয়ন মুখার্জী পরিচালিত এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো এক পর্দায় দেখা যাবে তাদের। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও।
