ঢাকার প্রেক্ষাগৃহে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮’
শুক্রবার সারাবিশ্বে মুক্তি পাচ্ছে হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর অষ্টম কিস্তি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮’। তবে বাংলাদেশের দর্শকদের জন্য চমকপ্রদ খবর হলো সিনেমাটি মুক্তির একদিন আগেই ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেলো। ফলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশের দর্শকরা সিনেমাটি উপভোগের সুযোগ পেলেন।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ মানেই জমজমাট গতির লড়াই। শত্রুদের নিধন আর বন্ধুদের বাঁচানোর লড়াই ঘিরেই জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলোর গল্প আবর্তিত হয়। সিনেমাটির এবারের কিস্তিটিও এর ব্যতিক্রম নয়। এবারের কাহিনিতেও থাকছে বেশ কিছু নতুন চমক।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮’ পরিচালনা করেছেন এফ গ্যারি গ্রে। সিনেমায় আগের মতোই থাকছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন, জ্যাসন স্ট্যাথাম। নতুন করে এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন শার্লিজ থেরন। মূল খলচরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। এবারই প্রথম খলচরিত্রে এসেছেন তিনি। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে খলচরিত্রই থাকে মূল আকর্ষক। সবশেষ সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেন জেসন স্ট্যাথাম।
এ নিয়ে ষষ্ঠবারের মতো এই সিনেমার স্ক্রিপ্ট লিখলেন ক্রিস মরগান আর প্রযোজক হিসেবে নিয়েল এইচ মর্টিজের ফিরে আসার সিনেমা। সিনেমার মিউজিক কম্পোজিশনে আছেন ব্রায়ান টাইলার যিনি সিনেমার তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং সপ্তম কিস্তির সংগীতের দায়িত্বে ছিলেন। আটলান্টিক রেকর্ড সাউন্ডট্রেক অ্যালবামটি, সিনেমা মুক্তির দিনই মুক্তি দিতে যাচ্ছে ।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সবগুলো কিস্তিই দারুণ জনপ্রিয়তা পেয়েছে এবং বক্স অফিস মাত করেছে। এবারের কিস্তিটির মাধ্যমে জনপ্রিয় সিনেমাটি সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
