২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংরেজি জানে না দেখে কাউকে ফিরিয়ে দেওয়া উচিত নয়: কঙ্গনা

ক’দিন আগেই বলিউডে স্বজনপ্রীতি ও তারকা সন্তানদের ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে বেশি সুবিধা পাওয়ার বিষয়ে কথা বলে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবারে তারকা সন্তান বনাম সাধারণ পরিবার থেকে অভিনয় করতে আসা নবাগত অভিনেতা-অভিনেত্রীদের বৈষম্য নিয়ে বললেন ‘রেঙ্গুন’ অভিনেত্রী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2017, 10:40 PM

Updated : 11 Apr 2022, 11:23 PM

ক’দিন আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে পরিচালক করণ জোহরকে বলিউডে স্বজনপ্রীতির ‘পতাকা বাহক’ বলে অভিহিত করেছিলেন ‘কুইন’ তারকা কঙ্গনা রানাউত। সাধারণ পরিবার থেকে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে আসা ছেলে-মেয়েদের নানাভাবে হেয় করা হয় বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সম্প্রতি এক ফ্যাশন বিষয়ক অনুষ্ঠানে কঙ্গনা বলেন,“অনেকেই আমার উপর বিরক্ত আমি কেন স্বজনপ্রীতি নিয়ে কথা বলছি। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন বলবো না? যা আমি নিজের চোখে ঘটতে দেখেছি তা নিয়ে আমি কেন মুখ বুজে থাকবো? বলিউডে কাজ করতে আসা নবাগত অভিনেতা-অভিনেত্রীদের তাদের পারিবারিক প্রেক্ষাপট নিয়ে নানাভাবে হেয় করা হয়ে থাকে। তারা দামী গাড়িতে করে অডিশন দিতে আসলো নাকি রিকশায় চড়ে আসলো সেটিও অনেক সময় চরিত্র পেতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।”

এ সময় কঙ্গনা আরও বলেন,“আমার মতে কাউকেই ছোট করে দেখা ঠিক নয়। কেউ ভালো ইংরেজি বলতে পারলো কি না, কিংবা তথাকথিত ‘অভিজাত’ পরিবার থেকে এসেছে কিনা এ বিষয়গুলোর ভিত্তিতে কাউকে মূল্যায়ণ করা উচিত নয়। প্রত্যেকেরই অধিকার আছে তার পছন্দমত পেশায় কাজ করতে আসার। মধ্যবিত্ত অনেক পরিবারের ছেলে-মেয়েদের কাছেই বলিউডে অভিনয় করতে আসা একা স্বপ্ন। তাদের সে স্বপ্ন এভাবে ভেঙে দেয়া ঠিক নয়।”

করণ জোহর কিংবা তার দিকে আঙুল তাক না করে এই বৈষম্যের দিকেই যদি সবাই নজর দিতো তবেই বলিউডে আরও সুন্দর কাজের পরিবেশ থাকতো বলে মন্তব্য করেছেন কঙ্গনা। সম্প্রতি গুঞ্জন উঠেছিলো ‘ফ্যাশন’ ছবির সিকুয়ালের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন কঙ্গনা। সব গুজব উড়িয়ে দিয়ে ‘ফ্যাশন’ অভিনেত্রী জানালেন, এখনো তেমন কোনো প্রস্তাবই পাননি তিনি ‘ফ্যাশন’ পরিচালক মধুর ভান্ডারকরের কাছ থেকে।

সমানে রানি লক্ষ্মীবাঈকে নিয়ে নির্মিতব্য জীবনীমূলক সিনেমা ‘মণিকর্ণিকা’তে দেখা যাবে এ তারকাকে।