বৈশাখে নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে তৌসিফ
পহেলা বৈশাখে নতুন মিউজিক ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছেন তৌসিফ।
বৃষ্টি ঝরে যায়/দুচোখে গোপনে, মন কাঁদে সারাবেলা, উজানের ঢেউ/তুই কারে খুঁজিস অথবা হৃদয় দিয়ে ডাকছি এমন সব জনপ্রিয় গানের সংগীতশিল্পী তৌসিফের প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় ২০০৭ সালে। প্রথম অ্যালবামেই জনপ্রিয়তা পান তিনি। এরপর থেকে প্রতি দিবসকে উপলক্ষ করে একক অ্যালবাম প্রকাশ করে আসলেও দীর্ঘ পাঁচ বছরে দেখা যায়নি তার কোনো মিউজিক ভিডিও।
'এই বুকেতে' নামে তার সবশেষ মিউজিক ভিডিও প্রকাশিত হয় সিডি চয়েসের ব্যানারে। এবার দীর্ঘ বিরতির পর মাই সাউন্ডের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে তৌসিফের নতুন মিউজিক ভিডিও 'সারাটি জনম'। এইচ এম রিপনের কথায় গানটির সুর সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি।মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সামছুল হুদা।
ভিডিওটি চিত্রগ্রহণ করেছে মাহমুদুল হক সাইদ ও কোরিওগ্রাফি করেছেন হাবিব। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন 'মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০১৪'-র মডেল রাকা বিশ্বাস ও সাব্বির খান।
মিউজিক ভিডিওটি সম্পর্কে তৌসিফ বলেন, ‘দীর্ঘ পাঁচ বছরে আমার কোনো অফিসিয়াল ভিডিও দেখা যায়নি। তাই ব্যয়বহুল অফিসিয়াল মিউজিক ভিডিওটি নিয়ে খুব আশাবাদী। মিউজিক ভিডিওটি আসছে পহেলা বৈশাখে মাই সাউন্ডের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত হবে।’
