আগুনের হাত থেকে পালিয়ে বাঁচলেন কমল হাসান
শুক্রবার মধ্যরাতে নিজ বাড়িতে হওয়া এক অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ভারতীয় অভিনেতা কমল হাসান।
ক’দিন আগেই হারিয়েছেন বড় ভাই চন্দ্র হাসানকে। সে শোক কাটিয়ে না উঠতেই ঘটলো অঘটন। মধ্য রাতে বাড়িতে আগুন লাগে দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা কমল হাসানের বাড়িতে।
২০১৬ তে ‘সাবাস নাইড়ু’ সিনেমার শুটিং চলা কালে দুইতলা থেকে লাফিয়ে পড়ে পায়ে আঘাত পান এ তারকা। পায়ের ব্যাথায় প্রায় এক বছর ধরে অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে তাকে। সম্প্রতি এ ছবির মাধ্যমে কাজে ফিরেছেন এ তারকা। এরই মধ্যে আবারও পড়লেন দুর্ঘটনার কবলে।
সম্প্রতি এক টুইট পোস্টে এ তারকা জানান, শুত্রবার মধ্যরাতে আগুন লাগে তার চেন্নাইয়ের বাড়িতে। গৃহকর্মীদের সহায়তায় এক বুক ভর্তি ধোঁয়া নিয়ে তৃতীয় তলা থেকে পাইপ বেয়ে নেমে এসেছেন এ তারকা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
‘দৃশ্যম’, ‘উত্তম ভিলেন’ সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করা এ তামিল তারকাকে সামনেই দেখা যাবে অ্যাকশন কমেডি ‘সাবাস নাইড়ু’তে।
