আত্মপ্রকাশ করলো ‘ঢাকা চলচ্চিত্র আন্দোলন’
সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ঢাকা চলচ্চিত্র আন্দোলন’।
৮ এপ্রিল জাতীয় প্রেসক্লাব এ সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মূল বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা ড. শোয়াইব জিবরান। বক্তব্যে তিনি চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে জাগ্রত করা, উচ্চ মানবিক, নৈতিক, উদার গণতান্ত্রিক মূল্যবোধকে লালন করা, সুস্থ সৃজনশীল ধারার চলচ্চিত্রকর্মীদের সংগঠিত করা, সৃজনশীল চলচ্চিত্র নির্মাতা ও দর্শক তৈরী করার লক্ষ্যের কথা ব্যক্ত করেন।
একই সাথে দেশব্যাপী স্কুল, কলেজ মাদ্রাসায় মহান মুক্তিযুদ্ধের চেতনা লালিত চলচ্চিত্র প্রদর্শন, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা, এপ্রিসিয়েশন কোর্স, প্রশিক্ষণ, পাঠ কর্মসূচির আয়োজন, জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন, চলচ্চিত্র পাঠগার গড়ে তোলা, চলচ্চিত্র বিষয়ক জার্নাল, লিটল ম্যাগাজিন, গবেষণা পুস্তক প্রকাশনা, মাঠ পর্যায়ে চলচ্চিত্র বিষয়ক জরিপ, গবেষণা পরিচালনার কর্মসূচী ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. ফাহমিদুল হক, ড. শোয়াইব জিবরান প্রমূখ। বক্তব্য শেষে চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন কে সভাপতি এবং চলচ্চিত্র নির্মাতা শ্যামল শিশির কে সাধারণ সম্পাদক করে ঢাকা চলচ্চিত্র আন্দোলনের ১৫ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির উপদেষ্টা হিসেবে থাকবেন, সৈয়দ মনজুরুল ইসলাম, ড. রফিকুল, ড. শোয়াইব জিবরান, ড. জাকির জাফরান, খান জেহাদ, রাহাত হোসেন, রাশেদুজ্জামান ও মানিক বাহার।
