২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার ‍মুক্তি পেলো ‘সত্তা’ ও ‘হরিপদ ব্যান্ডওয়ালা’

শুক্রবার মানেই প্রেক্ষাগৃহে নতুন সিনেমা। সেই ধারাবাহিকতায় আজ সারাদেশে মুক্তি পেয়েছে দুই সিনেমা- ‘সত্তা’ ও ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। যার মধ্যে দেশীয় প্রযোজনায় নির্মিত হয়েছে ‘সত্তা’ ও অন্যটি সাফটা চুক্তির আওতায় আসা ভারতীয় বাংলা সিনেমা ‘হরিপদ ব্যান্ডওয়ালা’।

গ্লিটজ প্রতিবেদক

‌

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2017, 09:57 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

শুক্রবার সারাদেশের ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও পাওলি অভিনীত ‘সত্তা’ এবং ৭৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অঙ্কুশ হাজরা ও নুসরাত জাহান অভিনীত ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ সিনেমাটি । শুধু তাই নয় একই সঙ্গে টালিউডের দুই নায়িকার অভিনীত সিনেমা আজ সারাদেশে মুক্তি পেলো। এছাড়াও প্রেক্ষাগৃহের সংখ্যার তুলনায় দ্বিগুণ সিনেমাহলে বুকিং পেয়েছে আমদানীকৃত ভারতীয় বাংলা সিনেমাটি।

দুই সংগ্রামী মায়ের গল্প নিয়ে আবর্তিত হয়েছে ‘সত্তা' সিনেমার কাহিনি। যার চিত্রনাট্যর কাজটি করেছেন কল্লোল নিজেই। সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান রানা। সোহানী হোসেনের ছোটগল্প ‘মা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘সত্তা'।যা পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল।

 

সিনেমায় শাকিব-পাওলি ছাড়াও অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা।

‘সত্তা’ সিনেমায় থাকছে মোট ছয়টি গান। সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানগুলোতে কন্ঠ দিয়েছেন মমতাজ, জেমস, সামিনা চৌধুরী, কনা, মিলা প্রমুখ।

অন্যদিকে রোমান্টিক ও কমেডি ধাঁচের সিনেমা ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু।

 

সিনেমার গল্পে দেখা যায়, ‘নন্দলাল’ নামক এক ডন হরিপদ নামের এক ব্যান্ডমাস্টারকে সুইটি নামের এক চলচ্চিত্র অভিনেত্রীর সঙ্গে প্রেম করতে পাঠান। যেটা নিয়ে বাধে যত বিপত্তি। এমনই মজার সব ঘটনায় এগিয়ে গেছে সিনেমার গল্প।

সিনেমাটি প্রযোজনা করেছেন কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ২০১৬ সালের ডিসেম্বরে সিনেমাটি কলকাতায় মুক্তি পায়। তবে কলকাতায় রকিবুল আলম রকিবের ‘নগর মাস্তান’ সিনেমা মুক্তির বিপরীতে আজ বাংলাদেশে মুক্তি পেলো এই ভারতীয় বাংলা সিনেমাটি। সিনেমায় অভিনয় করেছেন পরীমনি ও শাহরিয়াজ।