‘পোড়ামন-২’য়ের নায়িকা পূজা চেরি!
‘পোড়ামন ২’ সিনেমার নাম ঘোষণার পর থেকেই সিনেমার নায়িকা কে হচ্ছেন তা নিয়ে সিনেপাড়া ছিলো আলোচনায় সরগরম। অবশেষে বৃহস্পতিবার রাতে নিজের জন্মদিনের অনুষ্ঠানে এই সিনেমার নায়ক-নায়িকার নাম ঘোষণা করলেন সিনেমার প্রযোজক আব্দুল আজিজ।
সাইমান-মাহি জুটির অভিনীত কেরিয়ারের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘পোড়ামন’। জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমাটি ২০১৩ সালের ১৪ জুন মুক্তি পেয়েছিলো। এই সিনেমার সফলতার কারণেই চলতি বছর ‘পোড়ামন ২’ নির্মাণের ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। এরপরে মার্চের ১৬ তারিখে অনুষ্ঠিত সিনেমার মহরতে ‘পোড়ামন’য়ের নতুন কিস্তিতে নতুন মুখের জুটির চমক দেখা যাবে বলেও জানানো হয়। এরপরে সিনেমার নায়িকার নামের তালিকায় অনেকের নাম শোনা গেলেও অবশেষে সিনেমার নায়িকা হিসেবে নির্বাচিত হলেন শিশুশিল্পী হিসেবে পরিচিত পূজা চেরি। এই সিনেমাকে দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছেন তিনি।
কেরিয়ারের জন্য এই সুযোগটি একেবারেই কাকতালীয় বলেই গ্লিটজকে জানালেন পূজা চেরি। গ্লিটজকে তিনি বলেন,“যখন আমি শুনলাম আমি এই সিনেমার জন্য নির্বাচিত হয়েছি তখন আমি চমকেই গিয়েছি। কারণ প্রথমবার সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। তবে কাজের ক্ষেত্রে আমার সেরাটা উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। বাকিটা নির্ভর করবে দর্শকদের উপরে তারা কিভাবে আমাকে গ্রহন করবেন।”
রিন ওয়াসিং পাউডারের বিজ্ঞাপনের মাধ্যমে আলোচনায় আসেন পূজা। এছাড়াও ‘অগ্নি’ সিনেমায় মাহির ছোটবেলার চরিত্রে এবং ‘বাদশা’ সিনেমায় জিতের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
ছবি: তানজিল আহমেদ জনি
