চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে জাতীয় চলচ্চিত্র সভা
চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র সভা।
“বাংলাদেশের সকল চলচ্চিত্র সংসদ ও দেশের সকল চলচ্চিত্রপ্রেমী মানুষের প্রাণের দাবি ‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র’ প্রতিষ্ঠার দাবি। আমরা বিশ্বাস করি ‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র’ দেশের চলচ্চিত্র-সংস্কৃতির প্রাণকেন্দ্ররূপে সবচেয়ে কার্যকর প্রতিষ্ঠান হয়ে উঠবে। এই কেন্দ্র প্রত্যেক চলচ্চিত্রপ্রেমী মানুষের মিলনকেন্দ্র রূপে সকলকে সম্মিলিত করবে”- বলছিলেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসাইন মামুন। এমন দাবিকে সামনে রেখে সংগঠনটির উদ্যোগে আগামী ৮ এপ্রিল বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার কনফারেন্স কক্ষে একটি জাতীয় চলচ্চিত্র সভার আয়োজন করা হয়েছে।
মামুন আরও বলেন, “আমরা আশা করছি এই সভায় দেশের চলচ্চিত্র সংস্কৃতির অগ্রজ চলচ্চিত্রকার, কলাকুশলী, গবেষক-সমালোচক-লেখক-চলচ্চিত্র শিক্ষক, দেশের সকল চলচ্চিত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।”
জাতীয় চলচ্চিত্র সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এম.পি. এবং জাতীয় চলচ্চিত্র সভায় সভাপতিত্ব করবেন দেশের বরেণ্য অভিনয়শিল্পী ও নির্মাতা নায়করাজ রাজ্জাক।
এ সভায় সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ হাসান ইমাম, সৈয়দ সালাহউদ্দিন জাকি, মসিহউদ্দিন শাকের, নাসির উদ্দিন ইউসুফ ও মোরশেদুল ইসলাম। এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি চলচ্চিত্রকার মুশফিকুর রহমান গুলজার।
জাতীয় চলচ্চিত্র সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার স্বেমি এবং জাতীয় চলচ্চিত্র সভা সঞ্চালনা করবেন বেলায়াত হোসেন মামুন।
জাতীয় চলচ্চিত্র সভা চলচ্চিত্রপ্রেমী সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
