‘কুইন’ পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
২০১৪ সালের সাড়াজাগানো সিনেমা ‘কুইন’ এর নির্মাতা বিকাশ বাহল’র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলছেন তারই এক নারী সহকর্মী।
মাস কয়েক আগে ছুটি কাটাতে গোয়ার সমুদ্রতীরে বেড়াতে যান ফ্যান্টম ফিল্মস ও অনুরাগ কাশ্যপের ‘রিলায়েন্স এন্টারটেইনমেন্ট’-এর কয়েক জন সদস্য। সেখানে ছিলেন পরিচালক বিকাশ বাহলও। সে সময় হোটেল রুমে ফ্যান্টম ফিল্মস-এর এক নারী কর্মীকে হয়রানির অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
এ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট-এর পক্ষ থেকে। এদিকে মুম্বাই মিরর-কে দেওয়া এক সাক্ষাতকারে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ এক সূত্র বলছে, “এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিকাশের বিরুদ্ধে।”
সূত্রটি আর বলছে, “এর আগে তার সিনেমার শুটিং চলাকালে একটি কিশোরী মেয়েকে ধর্ষণের চেষ্টা করে সে। তখন আমরা সবাই মিলে তাকে প্রতিহত করি। এরপর এই ঘটনাটি ঘটেছে। ফলে আমরা বাধ্য হয়েছি তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করতে।”
তবে হয়রানির এ অভিযোগ অস্বীকার করে বিকাশ বলেন, “আমার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি এবং কোনো তদন্ত কমিটির কথাও আমি শুনিনি। পুরোটাই মিথ্যা এবং বানানো। যে বিশেষ নারীকে জড়িয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে সে আমার বন্ধু এবং তার সঙ্গে আমি অশোভন কোনো আচরণ করিনি।”
বিকাশ আরও বলেন, “আজ বলিউডে আমি যে অবস্থানে এসেছি তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সেই সুনাম নষ্ট করার জন্যই এমন করছেন কিছু মানুষ।”
