২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘সত্তা’

শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে বাংলাদেশ ও ভারতের দুই স্টার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সত্তা’। সিনেমাতে জুটিবেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও পাওলি দাম। সিনেমাটি নির্মাণ করেছেন হাসিবুর রেজা কল্লোল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 06:34 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

পহেলা বৈশাখে সিনেমাটি মুক্তির কথা থাকলেও শাকিব ও পাওলি ভক্তদের একটু অগ্রিম বৈশাখী উপহার দিতেই এপ্রিলের প্রথম সপ্তাহে সারা দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সোহানী হোসেনের ছোটগল্প ‘মা’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘সত্তা'।

দুই সংগ্রামী মায়ের গল্প নিয়ে আবর্তিত হয়েছে ‘সত্তা' সিনেমার কাহিনি। যার চিত্রনাট্যর কাজটি করেছেন কল্লোল নিজেই। সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান রানা।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘সত্তা’ সিনেমার প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, সোহানি হাসান, বাংলা একাডেমি মহাপরিচালক শামসুজ্জামান খান সহ মিডিয়ার আরো অনেকে। সিনেমায় শাকিবের নতুন লুক ও পাওলি দামের বলিউড বা টালিউডে তৈরি পরিচিত লুকের পরিবর্তন, সিনেমার গল্পের উপস্থাপনা ও নির্মাণে মুন্সিয়ানার কারণে প্রিমিয়ারে আগতদের সকলের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে সিনেমাটি।

সিনেমায় শাকিব-পাওলি ছাড়াও অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা।

‘সত্তা’ সিনেমায় থাকছে মোট ছয়টি গান। সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানগুলোতে কন্ঠ দিয়েছেন মমতাজ, জেমস, সামিনা চৌধুরী, কনা, মিলা প্রমুখ।

২০১৪ সালের ১৬ নভেম্বর থেকে শুরু হয় ‘সত্তা’র দৃশ্যধারণের কাজ। ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, বান্দরবান, সিলেট, চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে সম্পন্ন করা হয়েছে সিনেমাটির দৃশ্যায়নের কাজ।

৩১ জানুয়ারি বিনা কর্তনে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমা ‘সত্তা’। এছাড়াও সিনেমার ট্রেইলার ও পোস্টার বিনাকর্তনে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।