দেশের গণ্ডি পেরিয়ে তিন মহাদেশে ‘ভুবন মাঝি’
মুক্তির একমাস পেরিয়ে গেলেও বিকল্পপন্থায় দেশব্যাপী প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। নির্মাতা ফাখরুল আরেফিন জানালেন, এবার দেশের গণ্ডি পেরিয়ে তিন মহাদেশে প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্রটি।
মুক্তির পঞ্চম সপ্তায়ও রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস-এ প্রদর্শিত হচ্ছে পরমব্রত ও অপর্ণা অভিনীত ‘ভুবন মাঝি’। বিকল্প প্রদর্শনীতে দেশ ঘুরছে চলচ্চিত্রটি। চট্টগ্রাম ও সিলেট ও যশোরে সফল প্রদর্শনীর পর বুধবার জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় চলচ্চিত্রটি প্রদর্শিত হতে যাচ্ছে ফেনীতে। নির্মাতা জানালেন, কিছুদিনের মধ্যেই খুলনা ও রাজশাহীসহ বেশ কয়েকটি জেলায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
সোমবার গ্লিটজকে নির্মাতা ফাখরুল আরেফিন জানালেন নতুন খবর। তিন উপমহাদেশে প্রদর্শিত হতে যাচ্ছে ‘ভুবন মাঝি’। তিনি বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ইওরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হতে যাচ্ছে আমাদের সিনেমাটি। বেঙ্গল ক্রিয়েশনের আয়োজনে ইওরোপ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রদর্শিত হবে এটি। তবে আমেরিকায় ছবিটি প্রদর্শনের দায়িত্ব নিয়েছেন সেখানকার প্রবাসী বাঙালিরা।’
জানা যায়, আগামী ৯ এপ্রিল চলচ্চিত্রটি প্রদর্শিত হতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস ও অস্ট্রেলিয়ার সিডনীতে। একই দিন আমেরিকার পোর্টল্যান্ডে প্রদর্শীত হবে ‘ভুবন মাঝি’। এছাড়া ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য টরেন্টো আন্তর্জাতিক সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল ছাড়াও চলতি মাসের ২৩ তারিখ আমেরিকার শিকাগোতে এবং ডালাসে ২৯ এপ্রিল প্রদর্শিত হতে যাচ্ছে ‘ভুবন মাঝি’।
মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী বাংলাদেশের অবস্থানচিত্রের যোগ ঘটিয়ে ফাখরুল আরেফিন নির্মাণ করেছেন চলচ্চিত্রটি। এতে পরমব্রত-অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন, মামুনুর রশীদ, মাজনুন মিজান, সুষমাসহ আরও অনেকে।
