পোলানস্কি’র যুক্তরাষ্ট্রে ফেরার আবেদন নাকচ করলো আদালত
ধর্ষণের সাজা এড়াতে চার দশক আগে যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে পালিয়ে যাওয়া নির্মাতা রোমান পোলানস্কির ‘সাজা কমানোর সাপেক্ষে’ দেশটিতে ফিরতে চাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে লস অ্যাঞ্জেলস আদালত।
১৯৭৭ সালে মার্কিন অভিনেতা জ্যাক নিকলসনের বাড়িতে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেন পোলানস্কি। পরবর্তীতে দোষ স্বীকার করে ৪২ দিন কারাদণ্ডও ভোগ করেন তিনি। কিন্তু ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের আদালত তাকে দশ বছরেরও বেশি সময়ের জন্য জেলে পাঠাতে পারে- এই আশঙ্কা থেকে ফ্রান্সে পালিয়ে যান তিনি। সেই থেকে আর কখনও যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখেনিনি ‘দ্য পিয়ানিস্ট’ খ্যাত এই নির্মাতা। এমনকী যেবার তিনি সেরা নির্মাতার অস্কার জয় করেন, সেবারও পুরস্কার নিতে সশরীরে হাজির হননি তিনি।
পোলানস্কির আইনজীবি হারল্যান্ড ব্রাউন ওই ৪২ দিনের হাজতবাসকে তুলে ধরে আদালতের কাছে আবেদন জানান, ৮৩ বছর বয়সী নির্মাতা এরইমধ্যে যথেষ্ঠ সাজাভোগ করেছেন, এবার তিনি এর থেকে ‘মুক্তি’ চান।
আদলতের প্রধান বিচারক স্কট গর্ডনের কাছে তিনি এটাও জানতে চান, যুক্তরাষ্ট্রে এলে ঠিক কী ধরণের শাস্তি অপেক্ষা করছে পোলানস্কির জন্য। কেবলমাত্র সেটি জানতে পারলেই তার মক্কেল যুক্তরাষ্ট্রে আসার কথা ভেবে দেখবেন বলেও আদালতকে জানান তিনি।
তবে বিচারপতি গর্ডন ব্রাউনের এই আবেদন প্রত্যাখ্যান করেন। কারণ হিসেবে তিনি বলেন,“এই আবেদন পুনর্বিবেচনা করার মতো যথেষ্ঠ যৌক্তিক ভিত্তি নেই।”
এদিকে লস অ্যাঞ্জেলসের ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল হ্যানিসি পোলানস্কি’র মামলা প্রসঙ্গে বলেন, “মানুষ এটা বিশ্বাস করে না যে, কেবল একজন ধনী তারকা হওয়ার কারণেই অন্যান্য ফেরারি আসামীদের তুলনায় তিনি বিশেষ সুবিধা পাবেন।”
এখন দেখার বিষয় এটাই, যুক্তরাষ্ট্রের আদালতের এই সিদ্ধান্তের পর পোলানস্কি নিজের আত্মরক্ষার জন্য কোন পথ অবলম্বন করেন!
