শচীন যখন গায়ক!
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবার প্রকাশ করলেন তার প্রথম গানের অ্যালবাম ‘ক্রিকেটওয়ালি বিট’।
রোববার রাতে ‘ইন্ডিয়ান আইডল নাইন’-এর সিজন ফিনালেতে নিজের অ্যালবাম প্রকাশ করেন শচীন। এই অ্যালবামে তার সঙ্গে গান গেয়েছেন সনু নিগম-এর মতো জনপ্রিয় প্লে-ব্যাক তারকা।
সনু নিগম নিজেই মুগ্ধ শচীন-এর সঙ্গে গান গেয়ে। এব্যাপারে তিনি আইএএনএসকে বলেন, “শচীন-এর নতুন ইনিংসের সঙ্গী হতে পেরে আমি আনন্দিত। আমার সঙ্গে তিনি যে গানটি গেয়েছেন, তা হলো ‘ক্রিকেটওয়ালি বিট’। তিনি যেভাবে সঠিক সুরে কণ্ঠ মেলাচ্ছিলেন, আমি তাতে বিস্মিত! একারণেই আমি বিশ্বাস করি, ঈশ্বর যখন কাউকে প্রতিভা দেন, সেটা অন্যান্য ক্ষেত্রেও উপচে পড়ে।”
তিনি আরও বলেন,“তিনি খুবই ভাল একজন গায়ক। আমাদের পিচ কারেক্টর ব্যবহারের দরকার হয়নি, যেহেতু তিনি সঠিক সুরেই গাইছিলেন। একজন লাজুক ব্যক্তি হওয়া সত্ত্বেও ভিডিও তৈরির সময় আমি যখন তার কাছে আনন্দ-ফূর্তির মধ্য দিয়ে গানটিকে তুলে ধরার প্রস্তাব করি, তিনি স্বচ্ছন্দে রাজি হয়ে যান। এটা ছিল অসাধারণ! আমি খুবই খুশি সবাই গানটিকে পছন্দ করছেন।”
এই গানের মধ্য দিয়ে কেরিয়ারের ছয় বিশ্বকাপে খেলা সতীর্থদের ধন্যবাদ জানান শচীন।
রোববার রাতে অ্যালবাম প্রকাশ পেলেও বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার চলেছে এই অ্যালবামের। সনু’র হাতে ব্যাট আর শচীন-এর হাতে মাইক্রোফোন- এই ছবিটি টুইটারে প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।
