২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীদেবী’র সিনেমার টিজার সাড়া ফেললো পাকিস্তানেও

ভারতীয় অভিনেত্রী শ্রীদেবী’র নতুন সিনেমা ‘মম’-এর প্রথম টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই ইউটিউবে দেখা হয়েছে ১২ লাখেরও বেশিবার। বিশেষ করে পাকিস্তানে আলাদাভাবে আলোড়ন তুলেছে রহস্য-রোমাঞ্চ ঘরানার সিনেমাটির প্রথম ঝলক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 08:42 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

‘মম’ সিনেমার পোস্টার যখন টুইটারে প্রকাশ করেন শ্রীদেবী, তখন থেকেই একে নিয়ে জল্পনা-কল্পনার কমতি ছিল না। মোশন পিকচার প্রকাশেও দেখা মেলে একই উন্মাদনার। তবে টিজার প্রকাশের পর কেবল ভারতেই নয়, পাকিস্তানেও আলোচনায় উঠে এসেছে ‘মম’। এর কারণ, এতে সিনেমার দুই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই পাকিস্তানি তারকা সাজাল আলি এবং আদনান সিদ্দিকিকে।

টিজার প্রকাশের ২৪ ঘন্টা না পেরোতেই ইউটিউবে জমা হয়েছে হাজারখানেক কমেন্ট, যার অধিকাংশই করেছেন পাকিস্তানিরা। বেশিরভাগ কমেন্টই সাজাল আলিকে উদ্দেশ্য করে। পাকিস্তানের এই জনপ্রিয় টিভি অভিনেত্রী সিনেমাটিতে অভিনয় করেছেন শ্রীদেবীর মেয়ের চরিত্রে। একটি দৃশ্যে দেখা গেছে আদনান সিদ্দিকিও। শোনা যাচ্ছে সিনেমায় তিনি শ্রীদেবীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন।

টিজারে ভারতীয়দের জন্যও ছিল চমক। অনেকদিন পর অক্ষয় খান্নাকে দেখা গেছে সিনেমাটির মাধ্যমে।

এক মিনিট ছয় সেকেন্ডের টিজারটিতে দেখানো হয়েছে এক অজানা রহস্যভেদে তৎপর শ্রীদেবী, যার সঙ্গে জড়িয়ে রয়েছে তার মেয়ের জীবনও। টিজারের শেষে দর্শকের উদ্দেশ্যে রাখা হয় প্রশ্ন, “খারাপ আর অনেক খারাপ- দুটোর মধ্য থেকে বেছে নিতে হলে আপনি কোনটা করবেন?”

জুলাইয়ের ১৪ তারিখে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘মম’-এর প্রযোজনায় রয়েছেন শ্রীদেবী’র স্বামী বনি কাপুর।