২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ‘মনে রেখো’র শুটিং

ওয়াজেদ আলি সুমন-এর সিনেমা ‘মনে রেখো’র সেটে ভাংচুর চালিয়ে এর দৃশ্যধারণের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে চলচ্চিত্র ঐক্য জোট-এর বিরূদ্ধে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 10:04 PM

Updated : 11 Apr 2022, 11:17 PM

ঢাকাই সিনেমার চিত্রনা‌য়িকা মাহিয়া মাহি ও টা‌লিগঞ্জের নায়ক বনি সেনগুপ্ত অভিনীত ‘মনে রেখো’ সিনেমার শুটিং শুরু হয় চল‌তি মা‌সের তৃতীয় সপ্তাহে। সাভারে প্রথম লটের শুটিং শেষে বুধবার গাজীপু‌রের এক‌টি রিসর্টে চল‌ছি‌লো এর দৃশ্যধার‌নের কাজ।

বৈধ ওয়ার্ক পারমিট ছাড়াই বিদেশী ক্যামেরাম্যান, ফাইট ডিরেক্টর ও অন্যান্য টেকনিশিয়ানদের সাহায্যে নির্মিত হচ্ছিল ‌সিনেমা ‘মনে রেখো’- এমন দাবি করে সিনেমাটি নির্মাণে আপত্তি তুলেছে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের সম্মিলিত জোট ‘চলচ্চিত্র ঐক্য জোট’। তারা বুধবার সি‌নেমার দশ্যধার‌ণ স্থ‌লে হঠাৎ ক‌রে হাজির হয়।

ঘটনাস্থলে থাকা এক বিশ্বস্ত সূত্র জানায়, এসময় তারা বিদেশি টেকনিশিয়ানদের ওয়ার্ক পারমিট দেখাতে চাই‌লে তাদের কাছ থে‌কে এব্যাপা‌রে কোনো গ্রহণযোগ্য কাগজপত্র পাওয়া যায়নি। পরবর্তীতে বিষয়‌টি নি‌য়ে নির্মাতার সঙ্গে তা‌দের কথা কাটাকাটি হয়। এর সূত্রধরেই এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ভাংচুর চালিয়ে সি‌নেমার দৃশ্যধারণ বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে।

তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। এ প্রসঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্লিটজকে তিনি বলেন, “শুটিংস্পটে কোনো ধরণের ভাংচুর হয়নি।”

তিনি আরও বলেন, “বৃহস্পতিবার বিকেলে আমরা বিদেশী শিল্পী ও কলাকুশলীদের নিয়ে বাংলাদেশে কাজ করার ব্যাপারে বসেছিলাম। সেখানে ‘মনে রেখো’ সিনেমার নির্মাতা ওয়াজেদ আলী সুমনের উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু তিনি আসেননি। তাই যতদিন পর্যন্ত তিনি আমাদের কাছে বিদেশী শিল্পী ও কলাকুশলীদের বাংলাদেশে কাজ করার ব্যাপারে সরকারের বৈধ অনুমতির কাগজপত্র পেশ করতে পারবেন না ততদিন পর্যন্ত তার (ওয়াজেদ আলী সুমন) সিনেমার সকল দৃশ্যধারন বন্ধ থাকবে।”

সিনেমাটিতে বাংলাদেশি কলাকুশলীদের অভিনয় করা থেকে বিরত থাকা ও বিএফডিসিকে এই ব্যাপারে কোনো সহযোগিতা করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন বদিউল আলম খোকন।

“ইতমধ্যে আমরা এই সিনেমার অভিনেতা মিশা সওদাগরকে এই সিনেমার দৃশ্যধারণে অংশগ্রহন আর না করার জন্য জানিয়েছি। এছাড়াও তাকে ক্যামেরা দিয়ে সহযোগিতা না করার জন্য আমরা বিএফডিসিকে জানিয়ে দিবো। আপাতত সুমন এই সিনেমার দৃশ্যধারন করতে পারবেন না। আর বাংলাদেশের সংগঠনের অনুমতি ছাড়া কোনো বিদেশী শিল্পী ও কলাকুশলীদের কাজ করতে দেওয়া হবে না। তাদের কাজ করতে হলে অবশ্যই সঠিক উপায়ে অনুমতি নিয়ে কাজ করতে হবে,” বলেন তিনি।

এ প্রস‌ঙ্গে গ্লিটজের পক্ষ থেকে ওয়াজেদ আলী সুমনের সঙ্গে কয়েক দফা তার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

‘মনে রেখো’ সি‌নেমা‌টি প্রযোজনা করছেন হার্টবিট প্রোডাকশন। রোমান্টিক-অ্যাকশনধর্মী এ সিনেমার চিত্রনাট্য করছেন দেলোয়ার হোসেন দিল। মাহি-বনি ছাড়াও এতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিশা সওদাগর, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ।