‘মাতৃ’র ট্রেইলারে রবীনার অপ্রতিরোধ্য রূপ
এক দশকেরও বেশি সময় পর হিন্দি সিনেমায় ফিরে আসলেন নব্বইয়ের সাড়া জাগানো অভিনেত্রী রবীনা ট্যান্ডন। তার নতুন সিনেমা ‘মাতৃ’র ট্রেইলার প্রকাশ পেয়েছে সম্প্রতি।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে টিজার আর পোস্টার প্রকাশের সময় থেকেই আলোচনায় উঠে এসেছিলেন রবীনা। তবে ট্রেইলারে দেখা গেল তার অপ্রতিরোধ্য রূপ। সিনমাটিতে তিনি অভিনয় করেছেন বিদ্যা চৌহান নামের এক মায়ের ভূমিকায়, ধর্ষণের কারণে তিনি তার মেয়ে টিয়াকে হারান। বিদ্যা নিজেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে লড়াই করে মৃত্যুর সঙ্গে।
কিন্তু পরবর্তীতে যখন ন্যায় বিচার দাবি করে সে, পদে পদে লাঞ্ছিত হতে হয় তাকে। প্রশাসন, সমাজ- সবাই মুখ ফিরিয়ে নেয় তার দিক থেকে। এমনকী তার স্বামীকেও বাধ্য করা হয় বিদ্যার সঙ্গে সম্পর্ক শেষ করতে। এমন অবস্থায়, বিদ্যা নিজেই হাতে তুলে নেয় আইন। পরিকল্পনা করে প্রতিশোধের।
এমন এক দৃঢ় চরিত্রের মাধ্যমেই এক দশকেরও বেশি সময় পর ফিরছেন রবীনা। ওদিকে প্রায় একই বিষয়বস্তু নিয়ে এই বছরই মুক্তি পাবে আরেক অভিনেত্রী শ্রীদেবীর সিনেমা ‘মম’।
পোস্টারে সাদৃশ্য থাকার কারণে শুরু থেকেই দুই সিনেমাকে নিয়ে চলছিল তুলনা। তবে রবীনার মতামত পুরোপুরি ভিন্ন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তিনি (শ্রীদেবী) আমার জ্যেষ্ঠ। আমি তাকে অনেক শ্রদ্ধা করি এবং বরাবরই তার কাজের দারুণ ভক্ত। আমি গর্বিত যে ‘পিঙ্ক’ হোক, ‘মম’ হোক কিংবা হোক ‘মাতৃ’, বলিউড সম্প্রতি এই ধরণের সিনেমা তৈরি শুরু করেছে। আশা করি এই ধরণের সিনেমা আরও হবে।”
তিনি আরও বলেন, “আর তাই এখানে কোনো তুলনা চলে না। আমি মনে করি সিনেমার মাধ্যমে প্রতি ছয় মাস পরপর মানুষকে এই বার্তা দেওয়া উচিৎ।”
‘মাতৃ’কে তার ‘কামব্যাক ফিল্ম’ হিসেবে অভিহিত করা নিয়েও ভিন্ন মত পোষণ করেন রবীনা।
তিনি বলেন, “আমার কাছে এই শব্দটি খুব অদ্ভুত মনে হয়। আন্তর্জাতিক অঙ্গনে এটা কেউ ব্যবহার করে না। সবাই একটা নির্দিষ্ট সময়ের পর বেছে বেছে সিনেমায় অভিনয় করে। নব্বইয়ের দশকে আমরা বছরে ৩০ টা সিনেমা করতাম ঠিকই, কিন্তু এখন তো দিন বদলেছে। একজন অভিনেত্রী হিসেবে আমি সেই স্তরে পৌঁছে গেছি,যেখানে, যে সিনেমায় আমি আস্থা রাখতে পারবো, তাতেই কেবল আমি অভিনয় করবো।”
আস্তর সায়েদ পরিচালিত ‘মাতৃ’ মুক্তি পাবে ২১ এপ্রিল।
