শুধু শ্রেয়া ঘোষাল নয়, কনসার্টে দেশি শিল্পীদের গানেও চমক
৩১ মার্চ ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল। বাংলাদেশেও সমানভাবে জনপ্রিয় তিনি। বাঙালি মেয়ে হয়েও বলিউড মাতিয়ে ফিরছেন দীর্ঘদিন। ২০১৫ সালে বাংলাদেশে গাইতে এসেছিলেন শ্রেয়া। আবার তাকে বাংলাদেশে গাইবার সুযোগ করে দিচ্ছে এটিএন ইভেন্টস। আগামীকাল বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন ইকতারুল ইসলাম অনি।
এটিএন ইভেন্টস কী ধরণের ইভেন্ট আয়োজন করছে?
নাগরিক বিনোদনের সব ধরণের আয়োজন করতে আগ্রহী এটিএন ইভেন্টস। বিদেশি শিল্পীর পাশপাশি দেশি শিল্পীদেরও প্রাধান্য দিতে চাই আমরা। যার কারণে অচিরেই দেশের বাইরে বাংলাদেশের শিল্পীদের নিয়ে বেশকিছু কনসার্টের আয়োজন করার পরিকল্পনা চলছে আমাদের।
আপনাদের উল্লেখযোগ্য ইভেন্টগুলো কি কি?
আমরা সালমান খান, অক্ষয়-ক্যাটরিনাকে এনেছিলাম ২০১১ সালে, এই গতবছর এসেছিলেন নেহা কাক্কর, বছরের শুরুতেই অন্বেষা দত্ত পারফর্ম করে গেলেন। এবার আসছেন শ্রেয়া ঘোষাল।
শ্রেয়া ঘোষাল তো একবার বাংলাদেশে এসেছিলেন, তাকে আবার আনার পেছনে কী কারণ ছিলো?
দেখুন, সাম্প্রতিক বলিউডের চলচ্চিত্রের অধিকাংশ জনপ্রিয় গানই শ্রেয়া ঘোষালের। প্রচুর হিট গান আছে তার যা বাংলাদেশের মানুষের কাছেও সমানভাবে জনপ্রিয়। তাছাড়া তিনি বাঙালি মেয়ে। বাংলাদেশ তার আদিনিবাস। তার কাছে যখন প্রস্তাব দিলাম যে স্বাধীনতার মাসে গাইতে হবে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্প্রীতি ছিলো সেটাও আমরা এই কনসার্টের মাধ্যমে মনে করতে চাই। সে তাৎক্ষণিক রাজি হলো। আশা করছি ভালো কনসার্ট হবে।
আর কি কি আয়োজন থাকছে কনসার্টে?
শুধু শ্রেয়া ঘোষাল নয়, কনসার্টে দেশি শিল্পীদের গানেও চমক থাকছে। যাতে কনসার্ট থেকে বেরিয়ে দেশি শিল্পীদের গানও মানুষের প্রশংসা পায়। সেভাবেই প্র্যাকটিস সেশন চলছে। কনসার্টে শ্রেয়া ঘোষাল ছাড়াও বাংলাদেশের শিল্পী আনিকা, পিন্টু ঘোষ এবং মিফতাহ জামান গাইবেন। অতিরিক্ত আকর্ষণ হিসেবে থাকছেন কলকাতার কিঞ্জল চট্টোপাধ্যায়।
বিদেশি শিল্পীদের কনসার্টে দেশি শিল্পীদের উপস্থিতি শুধুই সময়ক্ষেপন এমনটা মনে করেন কেউ কেউ
এটা আয়োজকদের ট্রিটমেন্টের ওপর নির্ভর করে।আমাদের কনসার্ট শ্রেয়া ঘোষালকে কেন্দ্র করে হলেও দেশি শিল্পীদের গানকেও প্রাধান্য দিচ্ছি আমরা।
কী ধরনের প্রস্তুতি নিয়েছেন কনসার্টের জন্য?
তিনস্তরের নিরাপত্তা নিয়েছি আমরা। নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়া, বসুন্ধরার নিরাপত্তা বাহিনী ও পুলিশের পূর্ণ সহযোগিতা থাকছে। আমরা আগত শ্রোতাদের অনুরোধ করবো বড় হ্যান্ড পার্স, ডিএসএলআর এবং কোনো ধরণের খাবার সঙ্গে করে না নিয়ে আসার জন্য।
ইকতারুল ইসলাম অনি
আন্তর্জাতিক মানের ইভেন্ট আয়োজনে আমাদের ইভেন্ট কোম্পানীগুলো কতটুকু প্রস্তুত বলে মনে করেন?
ইন্টারন্যাশনাল ইভেন্ট এর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ইন্টারন্যাশনাল লবিং। যার ফলে অনেকেই প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করতে পারেন না। কিন্তু এটিএন ইভেন্টস এখন পর্যন্ত যতগুলো কনসার্টের আয়োজন করেছে বা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তা যথাযথভাবে রক্ষা করতে পেরেছে। ভবিষ্যতেও পারবে বলে আশা রাখি।
কনসার্টের টিকিট পাওয়া যাবে হোটেল ওয়েস্টিন, মিরপুরের সাব-হাব, বনানীর ফ্লোর সিক্স রিলোডেড, ধানমন্ডির ক্যাফে দরবার, হাতিরঝিলের ক্যাফে জার্নাল, ক্যাফে ইনার্স, তিনশ ফিটের র্যাপিডো, বসুন্ধরা কনভেনশন সিটির গেইট, উত্তরার রাজউক কলেজের সামনে ও মোহাম্মদপুরের ফিল্মি ক্যাফেতে। এ ছাড়াও, সহজ ডটকম, টিকিট চাই ডটকম, যেতেচাও ডটকম এবং বিডি টিকেট ডটকমেও টিকিট পাওয়া যাবে। এ ছাড়া, টিকিটের জন্য সরাসরি যোগাযোগ করা যাবে ০১৭১৭-৯৪৬০০০, ০১৯৭১-৪২২ ২২৮ ও ০১৯১৫-৯৮৯ ৩৪২ এই তিনটি নম্বরে।
বিশেষ বিবেচনায় ছাত্র-ছাত্রীদের জন্য গোল্ড টিকেটে ৩০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। এজন্য তাদের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
