২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ‘বেগম জান’?

পাকিস্তানে মুক্তি আটকে গেলো সৃজিত মুখার্জীর ‘রাজকাহিনি’র হিন্দি সংস্করণ ‘বেগম জান’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 09:51 PM

Updated : 11 Apr 2022, 11:17 PM

মুক্তির আগেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিদ্যা বালান অভিনীত ‘বেগম জান’। পতিতাপল্লীর সর্দারনী রূপে বিদ্যার পোস্টার এরই মধ্যে পেয়েছে জনপ্রিয়তা। কিন্তু এ ছবি নিয়ে এরই মধ্যে পাকিস্তানে শুরু হয়েছে বিতর্ক। দেশভাগের পটভূমিতে নির্মিত এ সিনেমাটিকে ছাড়পত্র দেয়নি পাকিস্তানের সেন্সর বোর্ড।

টাইমস অফ ইন্ডিয়া বলছে, দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত ‘রাজকাহিনি’র সঙ্গে এর হিন্দি সংস্করণ ‘বেগম জান’-এর কাহিনিতে কিছুটা পার্থক্য রয়েছে। ‘রাজকাহিনি’তে বলা হয়েছে বাংলা ভাগের কাহিনি অন্যদিকে ‘বেগম জান’-এ বলা হয়েছে পাঞ্জাব ভাগের পটভূমি। আর এ কারণেই বিষয়টিকে তাদের জন্য স্পর্শকাতর বলে মনে করছে পাকিস্তান।

এরই মধ্যে পাকিস্তান সরকারকে ছবিটি মুক্তি দেয়ার জন্য লিখিতভাবে অনুরোধ করেছে প্রযোজক মহেশ ভাট। কিন্তু সে চিঠির কোনো জবাব এখনো এসে পৌঁছায়নি। এর আগে পাকিস্তানকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে ‘রইস’, ‘জলি এলএলবি’ ও ‘নিরজা’সহ বেশ কিছু বলিউডি সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলো পাকিস্তান।

১৪ এপ্রিল ভারত জুড়ে মুক্তি পাচ্ছে এ সিনেমাটি।