এপ্রিলে আসছে ‘ভয়ংকর সুন্দর’
সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’। চলচ্চিত্রটি আসছে এপ্রিলেই মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা।
কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও ছোটপর্দার অভিনেত্রী ভাবনা অভিনীত চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পেতে যাচ্ছে আগামী এপ্রিলে। গতকাল ১৬মার্চ চলচ্চিত্রটি সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পায়। যদিও এর জন্য কম ঝক্কি পোহাতে হয়নি নির্মাতা অনিমেষ আইচকে। চলচ্চিত্রটির অভিনেতা পরমব্রতর আয়করের কাগজপত্রের জটিলতায় দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে সেন্সরের কাঁটাতার পেরোতে।
১ ঘন্টা ৫৩ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি বড়পর্দায় হাজির হলে এর মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটবে ভাবনার। সেন্সর প্রাপ্তির খবরে তিনি বললেন, ‘সেন্সর সার্টিফিকেট প্রাপ্তির খবর আমাকে কাঁদিয়েছে। অপেক্ষা করছি বড়পর্দায় দর্শকের সামনে হাজির হওয়ার।’
মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ। থ্রিলার ধাঁচের গল্প নিয়ে তৈরি এই ছবিতে পরম, ভাবনা ছাড়াও অভিনয় করেছেন-সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ।
গানের সুর ও সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। সম্প্রতি চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশিত হয়েছে।
