মাজিদ মাজিদির ছবিতে দীপিকার বদলে মালবিকা
ইরানী নির্মাতা মাজিদ মাজিদির সিনেমায় দীপিকা পাড়ুকোন-এর বদলে প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচন করা হয়েছে নবাগতা মালবিকা মোহননকে।
‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নির্মাতা মাজিদ মাজিদির সঙ্গে কাজ করবেন দীপিকা পাড়ুকোন- এমন খবর শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। তবে ‘পিকু’ খ্যাত এই অভিনেত্রীর নিজের মুখ থেকে কখনও এব্যাপারে কোনো নিশ্চয়তা আসেনি।
এরইমধ্যে সিনেমার প্রধান চরিত্রের জন্য নির্বাচন করা হয় শাহিদ কাপুর-এর ভাই ইশান খাত্তারকে। পরে জানা যায় সিনেমার এক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বাঙালি নির্মাতা গৌতম ঘোষও।
কিন্তু সিনেমার নারী চরিত্রে কে অভিনয় করছেন- এ প্রশ্নের উত্তর মিলছিল না অনেকদিন ধরেই। এবার জানা গেল, পরিচালক নিজে এই চরিত্রের জন্য বেছে নিয়েছেন মালবিকা মোহননকে।
ভারতীয় চিত্রগ্রাহক কে ইউ মোহনন-এর কণ্যা মালবিকা এর আগে কোনো সিনেমায় অভিনয় করেননি। বেশ কিছু বিজ্ঞাপনে অবশ্য দেখা গেছে তাকে।
‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এর গল্প এগোবে দুই ভাইবোনকে নিয়ে। ভারতের পেক্ষাপটে এটাই হবে মাজিদ মাজিদির প্রথম কাজ। এর আগে ‘চিলড্রেন অফ হেভেন’, ‘কালার্স অফ প্যারাডাউস’, ‘বারান’-এর মতো সিনেমা তৈরি করে করে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছেন মাজিদ মাজিদি।
