প্রকাশ পেল ‘বাহুবলী- টু’য়ের ট্রেইলার
দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে প্রকাশ করা হলো ‘বাহুবলী টু : দ্য কনক্লুশন’-এর ট্রেইলার।
বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ট্রেইলারটি প্রকাশ করার কথা ছিল ট্রেইলারটির। কিন্তু এর আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় সিনেমাটির তামিল ট্রেইলার। পরে সিনেমাটির নির্মাতা এস এস রাজামৌলি, অভিনেতা প্রভাস এবং রানা দগ্গুবতি সিনেমাটির হিন্দি, তেলেগু ও মালয়ালাম ভাষার ট্রেইলার টুইটারে প্রকাশ করেন।
২ মিনিট ২০ সেকেন্ডের ট্রেইলারটির শুরুতেই শোনা যায় অমরেন্দ্র বাহুবলীর মহেশমতীর রাজা হিসেবে শপথ গ্রহণ। কিন্তু এরপরই দেখা যায় রাজ্যে গৃহযুদ্ধ বাধিয়ে তাকে ক্ষমতাচ্যুত করতে বদ্ধ পরিকর বল্লালদেব।
এই ট্রেইলারে বাহুবলীর সঙ্গে রানি দেবসেনার প্রেমের মুহূর্তগুলিও দেখা যায়। এছাড়াও দেখানো হয় কাটাপ্পাকে নিজের বিশ্বস্ত রক্ষী বলে মনে করলেও শেষ পর্যন্ত তার হাতেই প্রাণ খোয়ান রাজা।
সিনেমাটিতে রানি দেবসেনার তরুণ বয়সের রূপে দেখা যাবে অনুষ্কা শেঠিকে। রম্য কৃষ্ণন আরও একবার রাজমাতা শিবগামীর চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও বাহুবলীর চরিত্রে প্রভাস আর বল্লালদেবের চরিত্রে রানা দগ্গুবতি তো থাকছেনই।
এস এস রাজামৌলি সিনেমাটির ট্রেইলার প্রকাশের ব্যাপারে বলেন, “আপনারা অনেকদিন ধরেই ‘বাহুবলী টু’য়ের ট্রেইলারের জন্য অপেক্ষা করছিলেন। আমি আপনাদের অপেক্ষা আর বাড়াতে চাইনা।”
এপ্রিলের ২৮ তারিখ মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত এই সিনেমা। তবে মুক্তির আগেই ৬০০ কোটি রুপির ব্যবসা এরইমধ্যে করে ফেলেছে সিনেমাটি। ধারণা করা হচ্ছে মুক্তির পর ভারতীয় বক্স-অফিসের সমস্ত রেকর্ড ভেঙে ফেলতে সক্ষম হবে সিনেমাটি।
