২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখী গানে নাচলেন আঁখি আলমগীর

পহেলা বৈশাখ উপলক্ষ্যে নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন আঁখি আলমগীর। গানের পাশাপাশি বর্ণিল আয়োজনের মিউজিক ভিডিওটিতে পারফর্মও করেছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 10:18 PM

Updated : 11 Oct 2022, 01:37 PM

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যানারে বৈশাখের গানে কণ্ঠ দিয়েছেন আঁখি। শহীদুল্লাহ ফরায়জীর কথায় ‘বৈশাখী মেলা’ শিরোনামের গানটির সুর দিয়েছেন ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। সম্প্রতি গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণে অংশ নেন আঁখি।

আঁখি বললেন, ‘আলী আঙ্কেলের সুরে এর আগে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য হয়েছিলো। কিন্তু বৈশাখের গানটি সম্পূর্ণ আলাদা। তার সুরে এমন একটি আনন্দ-উৎসবের গানে কণ্ঠ দিতে পেরে দারুণ ভালো লাগছে। এটি আমার কাছে একটি পুরস্কার।’

‘বৈশাখী মেলা’ গানটির ব্যয়বহুল ভিডিও তৈরি করেছেন আশিকুর রহমান। এতে কোরিওগ্রাফি করেছেন আরিফ রোহান। মিউজিক ভিডিওটি নিয়েও উচ্ছ্বসিত তিনি। বললেন, ‘শুটিং বেশ উপভোগ করেছি, নাচে অংশ নিয়েও ভালো লাগছে। আমি সাধারণত নিজের গানের ভিডিও নিজের পছন্দে তৈরি করি। প্রথমবার অন্যদের তৈরি করা গানের ভিডিওতে অংশ নিলাম। সত্যি বলতে, বিরাট আয়োজন দেখে আমি অবাকই হয়েছি।  ভিডিওটি দারুণ হয়েছে। ’

ভিডিওতে আঁখির সঙ্গে নেচেছেন ৩২ জনের নাচের দল। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম banglaflix.com.bd-এ মিউজিক ভিডিওটি পাওয়া যাবে। এ ছাড়া গানটি শোনা যাবে বাংলা ঢোলের অ্যাপস ও যে কোনো অপারেটর থেকে ৪৬৪৬ নম্বরে ডায়াল করে।