২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার চরিত্রের সঙ্গে বাস্তবের কারও মিল নেই : পাওলি

‘মন্দবাসার গল্প’ সিনেমায় টালিগঞ্জের অভিনেত্রী পাওলি দাম-এর চরিত্রটির সঙ্গে বাস্তবের কারও কোনো মিল নেই বলেই দাবি করলেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 08:26 PM

Updated : 11 Apr 2022, 11:12 PM

পরমব্রত’র বিপরীতে এই সিনেমায় পাওলিকে দেখা যাবে জাতীয় পুরস্কারজয়ী এক নারী নির্মাতার চরিত্রে। ধারণা করা হচ্ছে পাওলির অভিনীত চরিত্রটি বাঙালি এক নির্মাতার জীবন থেকেই অনুপ্রাণিত।

তবে বস্তবের সঙ্গে মিল থাকার বিষয়টি অস্বীকার করলেন পাওলি নিজে।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি নিজে নিজে এই চরিত্রের জন্য প্রস্তুতি নিয়েছি। আমি চিনি কিংবা নাম শুনেছি- এরকম কোনো ভারতীয় নারী নির্মাতার সঙ্গে এই চরিত্রের কোনো মিল নেই।”

তাহলে কার কাছ থেকে এই চরিত্রের জন্য নিজেকে প্রেরণা যুগিয়েছেন পাওলি?

তিনি বলেন, “শুটিঙের সময় আমি নির্মাতাদের কাজ পর্যবেক্ষণ করেছি, তাদের কাজের পরিবেশ লক্ষ্য করেছি। দেখেছি কীভাবে তারা পেশাগত এবং ব্যক্তিগত ব্যাপারগুলো সামলান। ব্যক্তি জীবন থেকেই তো গল্পের চরিত্রগুলোর অনুপ্রেরণা নেওয়া হয়, তাই নয় কি?”

নিজের চরিত্র প্রসঙ্গে পাওলি বলেন, “এই চরিত্রটির মাধ্যমে নারীর শক্তি এবং দুর্বলতা- দুটো দিকই তুলে ধরা হয়েছে, যাকে গণমাধ্যমের সামনে খুবই দৃঢ়চেতা মনে হয়, কিন্তু একান্ত মুহূর্তগুলোতে ব্যক্তিজীবনের সমস্যার কাছে তিনি প্রায়শই ভেঙে পড়েন।”

সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন তথাগত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও শাকিব খান-এর বিপরীতে পাওলি অভিনীত সিনেমা ‘সত্তা’ বাংলাদেশে মুক্তি পাবে শিগগিরই।