২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূনের ‘দেবী’ চলচ্চিত্রে দেখা মিলবে যাদের

‘বিউটি সার্কাস’ এর শুটিং থেকে ফিরেই জয়া ব্যস্ত হয়ে ওঠেন তার প্রযোজিত চলচ্চিত্র ‘দেবী’ নিয়ে। অনম বিশ্বাসের পরিচালনায় চলচ্চিত্রটি নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে শিগ্গির। মাসখানেক আগে এমন খবর নিজেই গ্লিটজকে জানিয়েছিলেন জয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 08:19 PM

Updated : 11 Apr 2022, 11:12 PM

অনুরোধ ছিলো, আনুষ্ঠানিক ঘোষণার আগে চান না এখনই প্রকাশিত হোক কোনো সংবাদ। কিন্তু কিছুটা অনানুষ্ঠানিকভাবেই এলো খবরটা। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জয়া জানালেন তার নতুন চলচ্চিত্রের খবর। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১৫-২০১৬ অর্থ বছরের সরকারি অনুদান পান জয়া আহসান। প্রযোজক হিসেবে জয়ার আত্মপ্রকাশের খবরটা চমকে দেয়ার মতোই ছিলো সবার কাছে।

জয়ার কাছেও এ চলচ্চিত্রটি ড্রিম প্রজেক্ট। বললেন, “হুমায়ূন আহমেদের ‘দেবী’ নিয়ে কাজ করার স্বপ্ন লালন করেছি দীর্ঘদিন ধরে। সরকারের অনুদান পাওয়াটা আমার এই স্বপ্ন পূরণের পথকে প্রশস্ত করেছে, সাহস যুগিয়েছে।” তাই হুমায়ূনের চরিত্রগুলোকে সাজালেন নিজের মনের মতো করে। যে উপন্যাসের নিয়ন্ত্রক মিসির আলীর মতো চরিত্র।

জয়া জানালেন, এর আগে মিসির আলী’কে বড় পর্দায় দেখা যায়নি। সে ক্ষেত্রে ‘দেবী’ বড়পর্দার দর্শকদের নতুন কিছু উপহার দিতে যাচ্ছে। চলচ্চিত্রটির প্রধান চরিত্র মিসির আলী হিসেবে অভিনয় করছেন ‘মনপুরা’ কিংবা ‘আয়নাবাজী’খ্যাত চঞ্চল চৌধুরী।   

প্রযোজক জয়া আহসান নিজেও বড়পর্দা ভাগ করে নিচ্ছেন এই চলচ্চিত্রে। রুনু চরিত্রে দেখা মিলবে তার। সঙ্গে নতুন চমক- ‘তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে’ কিংবা ‘ফেরার পথ নেই থাকে না কোনো কালে’ টেলিফিল্মে  জয়ার বিপরীতে অভিনয় করেছিলেন নির্মাতা অনিমেষ আইচ। এ চলচ্চিত্রে তার দেখা মিলবে জয়ার বিপরীতে।

অন্যদিকে ছোটপর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়ারও অভিষেক ঘটছে এ চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে তার। একটি চরিত্রে থাকছেন ইরেশ জাকেরও।

শুধু পরিচালনাই নয়, চলচ্চিত্রটির চিত্রনাট্যও করেছেন অনম বিশ্বাস। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে থাকবেন কামরুল হাসান খসরু। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ। জয়ার প্রযোজনা সংস্থার নাম ‘সি তে সিনেমা’। কেন হঠাৎ প্রযোজনায় নামলেন জয়া? বললেন, আমার অসংখ্য ভক্ত-শুভাকাঙ্খীরা আমাকে এত বছর ধরে যে ভালোবাসা দিয়েছেন, তার প্রতিদান দেয়া তো সম্ভব নয়। তবে আমার কাজের মাধ্যমে, নতুন কিছু সৃষ্টির মাধ্যমে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।

‘দেবী’ প্রসঙ্গেও বেশ আশাবাদী তিনি- “আশা করছি ‘সি ফর সিনেমা’র সবাই মিলে, আমরা দেবী ইউনিটের সবাই দর্শকদের মনে রাখার মত একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো। এর জন্য দরকার সবার ভালোবাসা, আশীর্বাদ।”