শুক্রবার ঢাকায় মুক্তি পাচ্ছে ‘বিউটি অ্যন্ড দ্য বিস্ট’
বাবাকে খুঁজতে গিয়ে এক দৈত্যর দুর্গে তরুনীর প্রবেশ তারপরে ঘটনাক্রমে তরুনীর ভালোবাসায় সেই দৈত্যর শাপ মুক্তির পরে রাজপুত্র বনে যাওয়ার রুপকথার গল্প ‘বিউটি অ্যন্ড দ্য বিস্ট’।এবার রুপকথার ভক্তদের জন্য রুপালি পর্দায় মুক্তি পাচ্ছে সিনেমা ‘বিউটি অ্যন্ড দ্য বিস্ট’।
শুক্রবার রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে রুপকথার গল্প নির্ভর সিনেমা ‘বিউটি অ্যন্ড দ্য বিস্ট’। ওয়াল্ট ডিজনি পিকচার্সের প্রযোজনায় এবং পরিবেশনায় রূপালি পর্দার দর্শকদের জন্য সিনেমাটি একই দিনে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে।
সিনেমার গল্পে দেখা যায়, এক দৈত্যর দুর্গে নিজের বাবাকে খুঁজতে যায় তরুণী বেলা। কিন্তু বাবাকে বাঁচাতে গিয়ে সম্মুখীন হয় এক ভয়ানক দৈত্যের। এরপরই বদলে যায় প্রেক্ষাপট। এক পর্যায়ে ভয় আর হিংস্রতা জয় করে ভালোবাসা, ঘটে শাপমুক্তি। প্রকৃত ভালবাসা হিংস্র দৈত্যকে বানিয়ে দেয় পুরোনো রাজপুত্র। আর এভাবেই এগিয়ে যেতে থাকে ‘বিউটি অ্যন্ড দ্য বিস্ট’ সিনেমার কাহিনি।
অন্যদিকে মুক্তির আগেই নানা কারণে শিরোনাম হয়ে ওঠা সিনেমাটির যে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে তা হলো, এতে নারীবাদী ভাবনাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারন দক্ষতায়, যা সিনেমার আগের সংস্করণগুলো থেকে একেবারেই আলাদা।
এবারের সিনেমাটি পরিচালনা করেছেন বিল কনডন। সিনেমায় বেলা চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। সিনেমায় তিনি একটি গানও গেয়েছেন। সিনেমায় অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন ড্যান স্টিভেন্স, লুক ইভান্স, এওয়ান ম্যাকগ্রেগরসহ আরও অনেকে।
১৯৯১ সালে মুক্তি পাওয়া ডিজনির অ্যানিমেটেড সিনেমা ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’র রিমেকে এমার অভিনয় তার ভক্তদের মনে তৈরি করেছে বিপুল প্রত্যাশা। শুধু তাই নয় এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত সিনেমায় গানও গাইলেন এমা। সম্প্রতি তার কন্ঠে ‘সামথিং দেয়ার’ শিরোনামে সিনেমার গানটির কিছু অংশ ছাড়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা এরইমধ্যে সকলশ্রেণির শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।
১২৯ মিনিট ব্যাপ্তির সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ১৬০ মিলিয়ন ডলার।
