২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পোড়ামন-২’ সিনেমার ব্যতিক্রমধর্মী মহরত

২০১৩ সালে মুক্তি পায় জাকির হোসেন রাজুর সিনেমা ‘পোড়ামন’। যা সেই সময় সকল শ্রেণির দর্শকের হৃদয় জয় করেছিলো। সেই ধারাবাহিকতায় রবিবার মুন্সিগঞ্জের একটি রির্সোটে অনুষ্ঠিত হলো সিনেমার মহরত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2017, 07:57 PM

Updated : 11 Oct 2022, 01:36 PM

‘পোড়ামন’ সিনেমার দ্বিতীয় কিস্তির মহরতের মাধ্যমে প্রথমবারের মত ঢালিউডের এক ব্যতিক্রমধর্মী মহরত অনুষ্ঠিত হলো। মহরত অনুষ্ঠানে সিনেমার প্রযোজক, নির্মাতা ও কলাকুশরীরা থাকলেও সিনেমার কেন্দ্রিয় চরিত্রের অভিনয় শিল্পীরা ছিলেন অনুপস্থিত।

মহরত অনুষ্ঠানে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন,“জাজ মাল্টিমিডিয়া তার বিভিন্ন সিনেমার মহরত বিভিন্নভাবে করেছে। ‘পোড়ামন-২’ সিনেমার মহরত করলাম অনেকটা পোড়ামনের স্টাইলে প্রকৃতির কাছে। আমরা চেয়েছি ‘পোড়ামন-২’ সিনেমার মহরতে কিছুটা নতুনত্ব রাখতে।”

‘পোড়ামন’ সিনেমার প্রথম কিস্তি অভিনয় করেছেন মাহিয়া মাহি, সাইমন সাদিক ও আনিসুর রহমান মিলন। আর নির্মাতার আসনে ছিলেন জাকির হোসেন রাজু। তবে সিনেমার দ্বিতীয় কিস্তিতে তারা সবাই থাকছেন অনুপস্থিত। বরং ‘পোড়ামন’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে থাকছে নতুনদের উপস্থিতি।

সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণ করছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাতা রায়হান রাফি। মহরত অনুষ্ঠানে নবাগত নির্মাতার প্রতি শুভকামনা জানালেন ‘পোড়ামন’ সিনেমার নির্মাতা জাকির হোসেন রাজু।

তিনি বলেন,“সব পিতামাতা চায় তার সন্তান যেন তাকে ছাড়িয়ে আরো অনেক উপরে ওঠে। নতুন প্রজন্মের নির্মাতা রায়হান রাফি, তিনি ‘পোড়ামন-২’ সিনেমাটি নির্মাণ করবেন। তিনি আমার সন্তানতুল্য। তিনি যদি আমাকে ছাপিয়ে যেতে পারেন এবং আগের ‘পোড়ামন’কে ভুলিয়ে দিতে পারেন তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না।”

অন্যদিকে ক্যারিয়্যারের প্রথম সিনেমা নির্মাণ প্রসঙ্গে গ্লিটজকে রায়হান রাফি বলেন,“আমার সিনেমাটি ভালোভাবে নির্মাণ করার জন্য আমি চেষ্টা করবো। আর সিনেমাকে ঘিরে সকল কথা হবে সিনেমা মুক্তির পরেই।”

‘পোড়ামন’ সিনেমাটি নির্মাণের পাশাপাশি সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখছেন রাফি নিজেই।

সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের ২৩ তারিখ থেকে সিলেটের মনোরম স্থানগুলোতে শুরু হবে সম্পূর্ণ দেশীয় প্রযোজনায় নির্মিতব্য ‘পোড়ামন’ সিনেমার দ্বিতীয় কিস্তির দৃশ্যধারনের কাজ। যা চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে। আর চলতি বছরের জুলাই মাসের শেষ সপ্তাহে কিংবা আগষ্টের প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলেও গ্লিটজকে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার।