২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় রবীন্দ্র সংগীত পরিষদের নতুন কমিটি গঠিত

সনজীদা খাতুনকে সভাপতি ও বুলবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে গঠিত হল জাতীয় রবীন্দ্র সংগীত পরিষদের নতুন কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 08:49 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

পরিষদ আয়োজিত সম্মেলনের ষড়ত্রিংশতম বার্ষিক অধিবেশনের সমাপনী দিনের অনুষ্ঠানে এই নতুন কমিটির ঘোষণা আসে।

নতুন কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নাসেহুন আমিন। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ৬৩ জন।

তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলনের সমাপনী দিনে রোববার ছিল নানা কর্মসূচি। সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সকাল ১০টায় প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন সনজীদা খাতুন। সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন লাইসা আহমদ লিসা। বিকাল সাড়ে ৪টায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

এই অনুষ্ঠানে কিশোর ও সাধারণ বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতায় মানপ্রাপ্তদের সনদ ও পুরস্কার দেওয়া হয়। তবলা শিল্পী মদন গোপাল দাস ও পটশিল্পী শম্ভু আচার্য্যকে রবীন্দ্র পদক ও গুণীজন সম্মাননা দেওয়া হয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন খন্দকার খায়রুজ্জামামন কাইয়ুম, মনসুরা বেগম, সুস্মিতা আহমেদ, রোকাইয়া হাসিনা, এটিএম জাহাঙ্গীর, স্বপন দত্ত, পাপিয়া সারোয়ার, মিজানুর রহমান তসলিম, শ্রেয়সী রায়, মজিবুল কাইয়ুম, তানিয়া মান্নান, অনিমেষ বিজন চৌধুরী, মিতা হক, ফাহিম হোসেন চৌধুরী, অদিতি মহসিন, আদৃতা আনোয়ার, সমাপ্তি রায়, হেনরি তালুকদার, লাইসা আহমদ লিসা, মহিউজ্জামান চৌধুরী, পার্থ তানভীর নভেদ, অনিমা রায়, সালমা সাবেরা নিতু, রানা সিন্হা, দিবাকর বিশ্বাস, সৈকত মুখার্জী, সেঁজুতি বড়ুয়া, ফারহিন খান জয়িতা, সিমু দে, মানসী সাধু, মামুন জাহিদ খান, ফাহিমা সামাদ। নৃত্য পরিবেশন করেন অমিত চৌধুরী, সুইটি দাস ও নৃত্যনন্দন।

শিল্পাঙ্গনে ভারতের দুই শিল্পীর যুগলবন্দি প্রদর্শনী

ছাপচিত্রে সমকালীন শিল্পীদের মধ্যে ভারতের দুই শিল্পী অজিত শীল ও উত্তম কুমার বসাক স্বতন্ত্র। এ দুই শিল্পীকে নিয়ে রোববার বিকালে শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হয়েছে ‘ডাইভারসিটি ইন ডুয়ালিটি’ শীর্ষক প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী।

এ দুই শিল্পীই শান্তি নিকেতনের ছাত্র এবং দুজনেই শান্তি নিকেতনে ছাপচিত্রের শিক্ষক। ছাপচিত্রের সঙ্গে আঙ্গিক প্রকরণের যোগ গভীর। এই দুই শিল্পী আঙ্গিক প্রয়োগে, করণকৌশলে নিজেদের স্বাতন্ত্রের কথা জানান দেন। সেই সঙ্গে নিজস্ব শিল্প ভাবনা শিল্পরসিকদের কাছে তাদের আলাদা করে চেনায়।

এদের মধ্যে অজিত শীলের নর-নারী একটি প্রধান বিষয়। নর-নারীর সম্পর্ক  নানাভাবে ঘুরে ফিরে উঠে আসে তার ক্যানভাসে। একাধিক রঙের ব্যবহারের মধ্য দিয়ে তার ক্যানভাসে ফুটে ওঠে সামগ্রিক পটভূমি। মুন্সিয়ানার সঙ্গে রঙের ব্যবহারে তিনি এঁকে চলেন ময়ূর, ফুল, পাখি, গাছপালা, কচ্ছপ ইত্যাদি।

অপরদিকে উত্তম কুমার বসাকের ছবিতে চারপাশের চেনা জগত। তবে সেই চেনা জগতকে তিনি দেখেন নিজের দৃষ্টিকোণ থেকে। ক্যানভাসে তার প্রকাশও অনন্য ভঙ্গিতে। সীমিত রঙের ব্যবহার, পরিমিতি বোধ, চিত্রকল্প নির্মাণ সবকিছুই তাকে ছাপচিত্রে বিশেষ স্থান দিয়েছে।

এ প্রদর্শনীতে অজিত শীলের ২৯টি আর উত্তম কুমার বসাকের ২১টি ছাপচিত্র স্থান পেয়েছে। চলবে ২৪ মার্চ পর্যন্ত।

বিপ্লবী সোমেন চন্দের  হত্যা দিবসে উদীচীর পাঠচক্র

বিপ্লবী ও প্রগতি লেখক সংঘের অন্যতম উদ্যোক্তা সোমেন চন্দের হত্যা দিবস ৮ মার্চ। দিবসটি পালনে নিজেদের কেন্দ্রীয় 

কার্যালয়ে রোববার এক পাঠচক্র আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ-এর সভাপতিত্বে পাঠচক্রে প্রধান আলোচক ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ। পাঠচক্রে তার রচিত প্রবন্ধ ‘সোমেনের গল্পে নিসর্গ’ নিয়ে আলোচনায় যোগ দেন উদীচীর কেন্দ্রীয় নেতারা। 

এছাড়া সোমেন চন্দের জীবনের নানা দিক নিয়েও আলোচনা করেন তারা।

নরসিংদীতে জন্ম নেয়া সোমেন চন্দ ১৯৩৬ সালে পগোজ স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলেও দুর্বল স্বাস্থ্যের কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। ‘প্রগতি লেখক সংঘ’-এ যোগ দেওয়া ছাড়াও তিনি মার্কসবাদী রাজনীতি ও সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত হন। বাংলা সাহিত্যে প্রথম গণসাহিত্যের উপর কাজ করেন সোমেন চন্দ। ১৯৪১ সালে তিনি প্রগতি লেখক সংঘের সম্পাদক নির্বাচিত হন।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা, মার্কসবাদী সাহিত্যিক, সোমেন চন্দকে ১৯৪২ সালের ৮ মার্চ রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় ছুরিকাঘাতে হত্যা করে আততায়ীরা।