‘ওয়ান্ডার উওম্যান’-এর নতুন ট্রেইলারে নতুন চমক!
শনিবার প্রকাশিত নতুন এক ট্রেইলারে ‘ওয়ান্ডার উওম্যান’ হয়ে ওঠার পথে প্রিন্সেস ডায়ানার যাত্রা উঠে এসেছে।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ট্রেইলারটি ভক্তদের জন্য শেয়ার করেন সিনেমার অভিনেত্রী গ্যাল গ্যাডট নিজেই। এর আগে এক ভিডিওবার্তায় শিগগিরই ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি।
নতুন এই ট্রেইলারে দেখা গেছে প্রিন্সেস ডায়ানার ছেলেবেলা। শিশু অবস্থাতেই ডায়নাকে তার মা থেমিস্কেরা দ্বীপের রানি হিপোলাইটা দেখিয়েছিলেন একটি তলোয়ার, যা সবচেয়ে বীরেরাও তখনও পর্যন্ত হাতে তুলতে পারেনি। ছোট্ট ডায়ানা তখন থেকেইে এই তলোয়ার নিজের হাতে তুলে নেওয়ার স্বপ্ন দেখতে শুরু করে।
পরবর্তীতে মায়ের কাছে কঠিন থেকে কঠিনতর প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে সে গড়ে তোলে সুযোগ্য এক যোদ্ধা হিসেবে, কেবল অসিচালনাতেই নয়, ল্যাসো অফ ট্রুথ, এবং নিজের অক্ষয় ব্রেসলেট ব্যবহারেও সমান দক্ষ।
আর তাই পৃথিবীকে যুদ্ধের কবল থেকে বাঁচাতে দ্বীপ ছেড়ে আধুনিক বিশ্বে পা রাখার সময় থেমিস্কেরা দ্বীপের সবচেয়ে বড় সম্পদ- সেই তলোয়ারটিকে হাতে তুলে নিতে একটুও দ্বিধা করেনা সে। আর এভাবেই প্রিন্সেস ডায়ানা থেকে সে হয়ে ওঠে ওয়ান্ডার উওম্যান।
প্যাটি জেনকিন্স-এর নির্দেশনায় ‘ওয়ান্ডার উওম্যান’ মুক্তি পাবে জুনের ২ তারিখ।
