শিল্পকলায় ‘শেষ সংলাপ’
শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল মঞ্চে শনিবার সন্ধ্যা ৭টায় সময় নাট্যদল পরিবেশন করবে নাটক ‘শেষ সংলাপ’।
মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। নাট্যদল সময় প্রযোজিত ২৯তম প্রযোজনা এটি। শনিবার নাটকটির ৭৩তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নির্দেশক আকতারুজ্জামান বলেন, “মিসরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তার পালিত পুত্র একজন ক্রীতদাস সেনাধ্যক্ষকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ মৃত্যুকালে তিনি তার মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে যেতে পারেননি। পরবর্তীতে সুলতানের উত্তরাধিকারীত্বের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয়। সমস্যার সমাধান হবে কোন পথে? আইনী পদ্ধতিতে নাকি অস্ত্র প্রয়োগে? কোন পথ বেছে নেবে সুলতান? এই সমস্যারই এক জটিল শিল্পিত রসায়ন ‘শেষ সংলাপ’।”
নাটকটির পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সংগীত পরিকল্পনায় কমল খালিদ, পোশাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন।
অভিনয় করছেন, পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ফখরুল ইসলাম মিঠু, তোফায়েল সরকার, রুমা, মাহমুদুল আলম, ইয়ামিন জুয়েল, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, সানি, মৌসুমী, সোনিয়া প্রমুখ।
ছবি: সময় নাট্যদলের সৌজন্যে
