আমি একজন গৃহিনী আর এ নিয়ে আমি গর্বিত : মীরা রাজপুত
নারী দিবসের বিশেষ সাক্ষাতকারে বিয়ে, সংসার, মাতৃত্ব ও নারীবাদ নিয়ে খোলাখুলি বললেন বলিউড তারকা শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজুপত।
গৃহিনী হিসেবে নিজেকে নিয়ে গর্বিত মীরা রাজপুত। গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে এমনটাই বললেন শহীদপত্নী। সেই সঙ্গে আরও জানালেন নব্য নারীবাদের ভয়াবহতা, সন্তান মিশার সঙ্গে তার সম্পর্ক ও পারিবারিকভাবে বিয়ের অভিজ্ঞতার কথা।
মিড ডে’কে দেওয়া সাক্ষাতকারে মীরা বলেন, “আমি একজন গৃহিনী আর এ নিয়ে আমি গর্বিত। আমি মনে করি প্রতিটি মানুষেরই স্বাধীনতা রয়েছে সে কী করবে তা বেছে নেয়ার। কেউ যদি চাকরি করতে চান তো করবে আবার কারও যদি গৃহিনী হতে ভালো লাগে সে তাই হবে। ব্যক্তিগতভাবে আমি গৃহিনী হিসেবে সুখি ও সন্তুষ্ট। মেয়ে মিশা ও শহীদকে নিয়ে সুন্দর সময় কাটে আমার।”
নারীবাদ প্রসঙ্গে তিনি বলেন, “আমার কাছে নারীবাদ মানে হলো নারী-পুরুষের সমতা। কিন্তু আধুনিককালে নারীবাদের নামে অনেকেই যা করছে তা রীতিমতো ভয়াবহ। নারী-পুরুষের স্বাভাবিক ও প্রাকৃতিক যে সম্পর্ক তা নষ্ট করে নারীবাদী হওয়াটা জরুরি নয়। আমি যা করতে চাই তা করতে পারছি কিনা- আমার কাছে এটাই নারীবাদ বা নারী স্বাধীনতার সংজ্ঞা।”
তবে বিয়ে ও সন্তান নিয়ে মীরার বক্তব্যে আহত হতে পারেন অনেক কর্মজীবী নারী! মীরা বলেন, “আমার মেয়ে মিশা কোনো পোষা প্রাণী নয় যে তাকে এক ঘন্টা সময় দিয়ে সঙ্গে সঙ্গে অফিসে দৌড় দেব। আমি আমার মেয়েকে আমার পুরোটা সময়ই দিতে চাই আর সে জন্যই আমি ঘরে থাকতে ভালবাসি।” এছাড়া পারিবারিকভাবে শহীদের সঙ্গে বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, “প্রেমের বিয়েতে হয়ত অনেক চমক থাকে যা পারিবারিকভাবে ঠিক করা বিয়েতে নেই। কিন্তু এ নিয়ে শহীদ কিংবা আমার কোনো মাথাব্যথা নেই বরং প্রেমের বিয়েতে অনেক তিক্ত ঘটনাও ঘটে যা অন্তত পরিবারিক বিয়েতে ঘটে না!”
সবশেষে মাতৃত্বকালীন ওজন বৃদ্ধি নিয়ে মীরা বলেন, “আমি অবশ্যই মানি যে সুস্থ থাকতে হলে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। কিন্তু সেই সঙ্গে এও সত্যি যে সন্তানের জন্য মাযেদের সুস্বাস্থ্যটাও কম জরুরি নয়। বাড়তি ওজন পরে ঝরিয়েও ফেলা যায়। এজন্য তাড়াহুড়োর কিছু নেই।”
মীরার এ বক্তব্যে কি লুকিয়ে রয়েছে শহীদের প্রাক্তন প্রেমিকা কারিনার প্রতি কোনো সুক্ষ্ম কটাক্ষের রেশ?
