ক্ষমা চেয়েও চাইলেন না রাম গোপাল ভার্মা!
নারী দিবসে বলিউড অভিনেত্রী সানি লিওনি’কে নিয়ে করা বক্তব্যের জন্য ক্ষমা চেয়েও আবার তা ঘুরিয়ে দিলেন পরিচালক রাম গোপাল ভার্মা।
৮মার্চ বিশ্ব নারী দিবসে করা এক টুইট পোস্টে পরিচালক রাম গোপাল ভার্মা লিখেছিলেন, “সকল নারীই যেন পুরুষদের তেমনিভাবে সুখি করে যেমনটি সানি লিওনি করেন।” তার এই বক্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে শুরু হয় তোলপাড়। অনেকেই একে নারীদের প্রতি ‘অসম্মানজনক’ বলে মনে করেছেন। এমনকি ভারতের এক নারী সংগঠনের করা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলাও করেছে পুলিশ।
তবে এই ঘটনায় দমে যাননি এই তামিল পরিচালক। মামলার পরে করা এক টুইট পোস্টে তিনি লিখেছেন, “আমি শুধুমাত্র আমার মতামত ব্যক্ত করেছি। কাউকে আঘাত করার জন্য এ বক্তব্যটি দেইনি।” এর একটু পরেই আরেকটি টুইট পোস্টে তিনি লেখেন, “আমি শুধু তাদের কাছেই ক্ষমা চাইছি যারা সত্যিকারেই আমার বক্তব্যে আহত হয়েছেন, তাদের উদ্দেশ্যে নয় যারা সস্তা জনপ্রিয়তা পেতে চান কিংবা আইনের ভয় দেখাতে চান।”
এ ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলেছেন সানি লিওনি। এক টুইটারে প্রকাশিত এই ভিডিও পোস্টে তিনি বলেন, “গত ক’দিনের সব খবরই আমি পড়েছি। আমার মনে হয়েছে কেবল মুখে নয় আমাদের ভিতরের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। কাউকে নিয়ে কিছু বলার আগে সতর্ক হোন।”
রাম গোপাল ভার্মার এই দু’মুখো বক্তব্য নতুন করে আবার কী ঝড় তোলে সেটিই এখন দেখার বিষয়!
