ঢাকায় ‘জন উইক : চ্যাপ্টার টু’
শুক্রবার রাজধানী ঢাকার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘জন উইক’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘জন উইক: চ্যাপ্টার টু’। সিনেমাটি নির্মাণ করেছেন চাদ স্ট্যাহেলস্কি।
২০১৪ সালের ‘জন উইক’ সিনেমাটির কথা সিনেমাপ্রেমীদের মনে আছে নিশ্চয়ই। পোষা কুকুরকে মেরে ফেলার পর প্রতিশোধ নেয়ার জন্য যিনি তার পুরানো পেশায় ফিরে গিয়েছিলেন। এবার সিনেমাপ্রেমীদের জন্য এলো সেই অ্যাকশনধর্মী ‘জন উইক’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘জন উইক: চ্যাপ্টার টু’।
সিনেমার গল্পে দেখা যাবে, জন উইক একজন সাবেক হিটম্যান। সবকিছু ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান তিনি। কিন্তু ঠিক সেই সময় এক ইটালিয়ান বংশোদ্ভূত মাফিয়া তার কাছে এক প্রস্তাব নিয়ে আসে। সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিলে এর জন্য তাকে যথেষ্ট মূল্যও দিতে হয়। আর তখনি তিনি সিদ্ধান্ত নেন কাজটি তিনি করবেন। সেই কাজটি করতে গিয়ে একের পরে এক প্রতিবন্ধকতার মুখে পড়েন তিনি। দুরন্ত সাহসিকতা ও বুদ্ধিমত্তা দিয়ে সব প্রতিবন্ধকতা জয় করে সামনে এগিয়ে যায় জন উইক।
সিনেমার প্রথম কিস্তির দারুণ সাফল্যর পর এবারের কিস্তিতেও দুর্ধর্ষ জন উইকের চরিত্রে অভিনয় করছেন কিয়ানু রিভস। সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন ম্যাট্রিক্স তারকা লরেন্স ফিশবার্ন, ইয়ান ম্যাকশেন, পিটার স্টোরমেয়ার, থমাস সেডস্কি, পিটার সেরাফিনোউইজের মতো তারকারা।
ইংরেজি ভাষায় নির্মিত সিনেমাটির ব্যাপ্তিকাল ১২২ মিনিট। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ মিলিয়ন মার্কিন ডলার। ইতমধ্যেই সিনেমাটি মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সঅফিসে আয় করেছে প্রায় ১৪৫.৮ মিলিয়ন ডলার।
