সাত দিনের জন্য জেলে যাচ্ছেন রণবীর কাপুর!
চরিত্রের জন্য কত কিছুই না করতে হয় তারকাদের। সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক ছবিতে অভিনয়ের জন্য এবারে কয়েদিদের সঙ্গে কারাগারে থাকতে হচ্ছে রণবীর কাপুরকে!
রাজকুমার হিরানী পরিচালিত সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক সিনেমায়, সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন রণবীর-এ খবর বেশ পুরনো। নতুন খবর হলো এই ছবির জন্য এরই মধ্যে প্রায় ১৩ কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন রনবীর আর বাস্তব জীবনে সঞ্জয়ের কারাবাসের অভিজ্ঞতা থাকায় পর্দায় সেটি ফুটিয়ে তুলতে কারাভোগের অভিজ্ঞতাও নিতে চলেছেন তিনি।
হিন্দুস্তান টাইমস জানায়, সঞ্জয়ের জীবনের খুঁটিনাটি জানতে ইতোমধ্যেই ২০০ ঘন্টার একটি সাক্ষাতকার নেয়া হয়েছে। সিনেমায় সঞ্জয়ের জীবনের প্রতিটি ঘটনা যথাসম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন পরিচালক রাজকুমার হিরানী।
নাম চূড়ান্ত না হওয়া এ ছবিতে রণবীরের বিপরীতে সঞ্জয়ের প্রথম জীবনের প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন সোনম কাপুর। সঞ্জয়ের বাবা সুনীল দত্তের চরিত্রে পরেশ রাওয়াল ও মা নার্গিসের ভূমিকায় দেখা যাবে মনীষা কৈরালাকে। এতে একজন সংবাদকর্মীর ভূমিকায় দেখা যাবে আনুশকা শর্মাকেও!
১২ মার্চ থেকে শুরু হতে পারে রণবীরের কারাবাস- এমনটাই জানিয়েছে এই তারকার ঘনিষ্ঠ সূত্র।
