বিয়ে বিচ্ছেদের আবেদন করলেন স্কারলেট জোহানসন
স্বামী রোমেইন ডাউরিক-এর সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটাতে চলেছেন মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসন।
রয়টার্স বলছে, মঙ্গলবার নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টে বিয়ে বিচ্ছেদের আবেদন করেন জোহানসন। ২বছর বয়সী কন্যা রোজ-এর অভিভাবকত্বও দাবি করেছেন তিনি।
‘লস্ট ইন ট্রান্সলেশন’ খ্যাত এই তারকা বিচ্ছেদের বিষয়ে কোনো রকম মন্তব্য করতে অস্বীকার করেছেন।
তার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,“একজন নিবেদিত মা হিসেবে আমি জানি একদিন আমার মেয়ে বড় হবে এবং এই ঘটনা বিষয়ে ছাপানো খবর তার চোখে পড়বে। আমি তাই আমার ভেঙে যাওয়া বিয়ে নিয়ে কখনও কোনো মন্তব্য করবো না।”
এদিকে বুধবার এক বিবৃতিতে বিচ্ছেদের ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করে জোহানসনকে সমঝোতার আহ্বান জানান পেশায় সাংবাদিক ডাউরিক।
তিনি বলেন,“আমি তাকে অনুরোধ করবো এই সিদ্ধান্ত থেকে সরে এসে সমঝোতার টেবিলে বসতে।”
এটি স্কারলেট জোহানসন-এর দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি বিয়ে করেছিলেন মার্কিন অভিনেতা রায়ান রেনল্ডসকে।
