২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনে লড়ছেন আরশাদ

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন মোহাম্মদ আরশাদ আদনান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 10:29 PM

Updated : 11 Apr 2022, 11:08 PM

সংগঠনের সভাপতির দায়িত্বে থাকা মামুনুর রশীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

এ প্রসঙ্গে গ্লিটজকে আরশাদ আদনান বলেন, “এই সংগঠনটির জন্মলগ্ন থেকে কোনোবার ভোট হয়নি। যাত্রা শুরুর পর থেকে ইতোমধ্যে ছয়টি টার্ম বা বারোটি বছর অতিবাহিত হয়েছে। অন্যদিকে আমরা কিছু নতুন প্রযোজক রয়েছি, যারা সংখ্যায় অন্যদের তুলনায় কম হলেও অনেক বেশি প্রোডাকশন আনছি। যেহেতু এই প্রথমবারের মত টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভোট হতে যাচ্ছে, সেহেতু এই নির্বাচনে আমি সভাপতির পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”

প্রতিষ্ঠার পর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংগঠনের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে।

আদনান বলেন, “আমার বিশ্বাস এই নির্বাচন সুষ্ঠু-সুন্দরভাবে হবে। শুধু তাই নয়, ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করে আমার উপর আস্থা রাখবেন।”

শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “আমি নির্বাচন করার জন্য দাঁড়িয়েছি। আমি সব সময় সত্যের পক্ষে। সত্যের জয় হবেই।”

সব কিছু ঠিকঠাক থাকলে  আগামী ১৯ মার্চ ঢাকা ক্লাবে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারদের সংগঠনটির ভোট হবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারে দায়িত্বে থাকবেন সৈয়দ হাসান ইমাম এবং নির্বাচন কমিশনার থাকছেন মান্নান হীরা ও এস এম মহসীন হোসেন।