২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান চলচ্চিত্র উৎসবে ডাক পেলেন কামার

বিশ্ব চলচ্চিত্রের সর্ববৃহৎ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে অংশগ্রহণের আমন্ত্রণ পেলেন কামার আহমাদ সাইমন। কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 05:05 PM

Updated : 25 Jul 2022, 08:55 PM

‘শুনতে কি পাও’খ্যাত এই নির্মাতার নতুন চলচ্চিত্র ‘ডে আফটার টুমরো’র চিত্রনাট্য নির্বাচিত হয়েছে কানের সিনেফন্ডেশন বিভাগের এল’অ্যাটেলিয়ার কার্যক্রমের ১৩তম আসরে। বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের ১৫টি চিত্রনাট্য নির্বাচিত হয়েছে এবারের এল’অ্যাটেলিয়ারে। নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করতে কান উৎসবের এই উদ্যোগ। উৎসব কর্তৃপক্ষ বলছে,‘এই উদ্যোগের মাধ্যমে আশাব্যঞ্জক চিত্রনাট্যগুলোর চলচ্চিত্রে রূপ পেতে সহায়ক হবে। সারা বিশ্ব থেকে ১৬জন নির্মাতা আসবেন এবারের উৎসবে। এখানে তারা চলচ্চিত্রের প্রযোজক ও সম্ভাব্য নতুন অংশীদারদের সঙ্গে মিলিত হবেন। যাতে তারা চলচ্চিত্রগুলো নির্মাণ শেষ করতে পারেন।’

এল’অ্যাটেলিয়ারে এবার নতুন নির্মাতাদের পাশাপাশি প্রতিষ্ঠিত নির্মাতাদের চিত্রনাট্যও স্থান পেয়েছে। বাংলাদেশ, চীন, যুক্তরাজ্য, ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক, রোমানিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ডমিনিকান রিপাবলিক এবং মঙ্গোলিয়া থেকে এইসব নির্মাতারা দক্ষিণ ফ্রান্সের শহর কানে যাবেন ।

কান উৎসবের ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত চিত্রনাট্যগুলোর নির্মাতাদের ছবিতে যেন বিভিন্ন দেশের সংশ্লিষ্টরা বিনিয়োগে আগ্রহী হন সেজন্য আগামী ১৯ থেকে ২৫ মে অধিবেশন আয়োজন করা হবে। এই প্রযোজনা বৈঠক হলো উৎসবের ছবি, ফোরাম ও বিশেষ আয়োজনে অংশগ্রহণ। এসব আলোচনায় অংশগ্রহণের জন্য অনুরোধ করতে সিনেফন্ডেশন ডটকম ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে আগামী মাসের শুরু থেকে।

জানা যায়, কান উৎসবের অংশ হিসেবে ২০০৫ সালে শুরু হয় এল’অ্যাটেলিয়ার কার্যক্রম। গুরুত্বপূর্ণ সিনেমার চিত্রনাট্যের জন্য নবীন থেকে সুপরিচিত আন্তর্জাতিক নির্মাতাদের ২০০৫ সাল থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই কর্মসূচিতে। এখনও পর্যন্ত এতে যুক্ত করা হয়েছে ১৮৬টি চিত্রনাট্য। এর মধ্যে ১৪৫টির কাজ সম্পন্ন। বাকিগুলোর মধ্যে এখন ১৪টি প্রি-প্রোডাকশন পর্যায়ে আছে।

এদিকে, নির্মাতা কামার আহমাদ সাইমন ব্যস্ত রয়েছেন তার নতুন চলচ্চিত্র ‘শিকলবাহা’ নিয়ে। চলচ্চিত্রটির প্রযোজনা ও পরিকল্পনার কাজে কলকাতায় অবস্থান করছেন বলে জানা গেছে। এই চলচ্চিত্রের চিত্রনাট্যের জন্যও কামার জিতেছিলেন আন্তর্জাতিক অনুদান। বিশ্বব্যাপী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য মর্যাদাপূর্ণ বার্লিন চলচ্চিত্র উৎসবের (২০১৬) অনুদান পুরস্কার ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ জিতেছিল শিকলবাহা’র এই চিত্রনাট্য। জাতীয় চলচ্চিত্র অনুদানের জন্যও এ বছর এই চিত্রনাট্য নির্বাচিত হয়েছে। উল্লেখ্য, এই চিত্রনাট্যের জন্যই কান চলচ্চিত্র উৎসবের (২০১৪) লালগালিচায় উদীয়মান নির্মাতাদের আসর ‘লা ফ্যাব্রিক সিনেমা দু মুন্দে’ আমন্ত্রিত ১০ জন তরুণের মধ্যে নির্বাচিত হয়েছিলেন কামার।

ওয়েবসাইট লিংক: http://www.cinefondation.com/en/news