২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাতার বাঁশি’তে মাজনুন মিজান-রানী আহাদ

বড়পর্দায় চলছে তার ‘ভুবন মাঝি’। এদিকে ইউটিউবে মুক্তি পেলো মাজনুন মিজান অভিনীত প্রথম মিউজিক ভিডিও ‘পাতার বাঁশি’। এতে তার সঙ্গী হয়েছেন মডেল-অভিনেত্রী রানী আহাদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 06:22 PM

Updated : 11 Oct 2022, 01:33 PM

বেলাল খান-এর নতুন মিউজিক ভিডিওর মধ্যদিয়ে এবারই প্রথম কোনও গানের মডেল হলেন মাজনুন মিজান। গানটির নাম ‘পাতার বাঁশি’। এতে বেলাল খান-এর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সাবরিনা। কথা লিখেছেন এ মিজান। জেকে মজলিশ-এর সংগীতায়োজনে গানটি সুরও করেছেন বেলাল। 

এই গানটির মাধ্যমে মাজনুন মিজানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন মডেল ও অভিনেত্রী রানী আহাদ। সম্প্রতি রাজধানীর অদূরে মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটি নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন তপু খান। 

শুক্রবার বিকালে ইউটিউবসহ অন্তর্জালের বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে সিএমভি। এটির অডিও প্রকাশ পেয়েছে জিপি মিউজিকেও। 

এ প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, “আমার লম্বা ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনও মিউজিক ভিডিওতে কাজ করেছি। গানটি শুনে এবং ভিডিওটির গল্প জেনেই কাজটি করেছি। শুটিং শেষে ভিডিওটি দেখে আমি রীতিমতো মুগ্ধ। সত্যি বলতে এতে আমি আমাকে নতুন করে আবিষ্কার করেছি। ভিডিওটি দর্শকদের অবশ্যই ভালো লাগবে।”

 

বেলাল খান এবিষয়ে বলেন, “গানটির কথা-সুর ও ভিডিও সবমিলিয়ে চমৎকার কিছু হয়েছে। আমি গান এবং ভিডিওটি নিয়ে আশাবাদী। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকরা ভালো কিছু পাবেন। আমারও খুব পছন্দের একটি কাজ হয়েছে এটি।’

ভিডিওতে মিজানের নায়িকা রানী আহাদ বলেন, “আমি এর আগেও অনেক গানের ভিডিওতে মডেল হয়েছি। কিন্তু এই কাজটি আমার কাছে একেবারের অন্যরকম ভালোলাগার একটি কাজ হয়েছে। আমার বিশ্বাস কাজটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।”