বক্সঅফিসে পিছিয়ে ‘রেঙ্গুন’
মুক্তির আগে থেকেই নানা কারণে আলোচনায় এসেছে বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’। কঙ্গনা রানাউত, সাইফ আলী খান ও শহীদ কাপুর অভিনীত এই ছবিটি বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে ব্যর্থ হয়েছে।
মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে ৫ কোটি রুপি আয় করলেও পঞ্চম দিনে এ অঙ্কটি এসে ঠেকেছে ১ কোটি ৭৫ লক্ষে। সব মিলিয়ে ‘রেঙ্গুন’-এর মোট আয় ১৯ কোটি রুপি।
টাইমস অফ ইন্ডিয়া বলছে, অচেনা লোকেশন, অতিনাটকীয়তা ও কিছু অংশে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে কেমিস্ট্রির অভাবের কারণেই দর্শক টানতে পারছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত এ সিনেমাটি। তবে বেশ কিছু দর্শকপ্রিয় গান ও কঙ্গনার অসাধারণ অভিনয় প্রশংসা কুড়িয়েছে সকলের।
ইতিহাসনির্ভর ‘রেঙ্গুন’ সিনেমাটিতে জুলিয়া চরিত্রের এক হঠকারি নারীর চরিত্রে দেখা গেছে কঙ্গনাকে। ছবিতে জলিয়ার স্বামী রুশি বিলিমোরিয়া চরিত্রে সাইফ ও প্রেমিক নওয়াব মালিক চরিত্রে শহীদ কাপুরকে দেখা যাবে।
