পড়শীর ‘রাস্তা’
শ্রোতাদের জন্য আবারো নতুন গান নিয়ে এসেছেন সঙ্গীতশিল্পী সাবরিনা পড়শী। জেসমিন আক্তার নদী’র ‘জল শ্যাওলা’ সিনেমায় প্লেব্যাক করার রেশ কাটতে না কাটতেই আবারো শ্রোতাদের জন্য গান গাইলেন তিনি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে পড়শীর নতুন গান ‘রাস্তা’। সফট রক ধাঁচের গানের লাইনগুলো হচ্ছে- ‘রাস্তা দিয়ে হাঁটি যখন বোকার মত চেয়ে থাকো/বলছি শোনো সাহস নিয়ে সামনে এসে আমায় ডাকো।’ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর সুর ও সংগীত করেছেন জুয়েল মোর্শেদ।
গানটি প্রসঙ্গে পড়শী বলেন,“একেবারে অন্যরকম একটি গান। গাইতে গিয়ে বেশ মজা পেয়েছি। আশাকরি শ্রোতারাও উপভোগ করবেন।”
গানটি প্রসঙ্গে জুয়েল মোর্শেদ বলেন, “প্রায় সাত বছর আগে জীবন ভাইয়ের কাছ থেকে এই গানটির কথা নিয়েছিলাম। কাজ করতে গিয়ে হঠাৎ লিরিকটি চোখে পড়ে। পড়শীর কণ্ঠ মাথায় রেখেই সুর-সংগীত করেছি। পড়শী এ ধরনের গান আগে করেনি। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’
গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে গানটির লিরিকাল ভিডিও প্রকাশ করা হবে। পরবর্তীতে প্রকাশিত হবে গানটির অফিসিয়াল ভিডিও।
উল্লেখ্য ২০০৮ সালে চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় ২য় রানার আপ হওয়ার মাধ্যমে মিডিয়ায় সকলের নজর কাড়েন তিনি। ২০১০ সালে বাজারে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘পড়শী। ক্যারিয়্যারের প্রথম অ্যালবাম প্রকাশের মাধ্যমেই সকল শ্রেণির শ্রোতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। পরবর্তীতে ২০১১ সালে সিনেমার প্লেব্যাক শুরু করেন। শুধুতাই নয় শামিম আহমেদ রনির ‘রানা পাগলা দ্য মেন্টাল’ সিনেমাতেও শাকিব খানের সঙ্গেও অভিনয় করেছেন পড়শী। এছাড়াও ২০১২ সালে তিনি ‘বর্ণমালা’ নামে একটি ব্যান্ডদল গঠন করেছেন তিনি।
