২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখকে ‘উলভারিন’ রূপে দেখতে চান হিউ জ্যাকম্যান!

‘লোগান’ সিনেমার মাধ্যমে উলভারিনের বেশে শেষবারের মতো পর্দায় আসবেন হিউ জ্যাকম্যান। পরবর্তী উলভারিন হিসেবে তিনি এবার প্রস্তাব করলেন ভারতীয় তারকা শাহরুখ খান-এর নাম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 06:27 PM

Updated : 11 Apr 2022, 11:06 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতীয় সাংবাদিক রাজীব মাসান্দকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলীয় এই তারকা বলেন, “আমি মনে করি, অন্যরাও এই চরিত্রে অভিনয় করতে পারেন। হয়তো শাহরুখ খান এতে অভিনয় করবেন!”

১৭ বছর ধরে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের উলভারিন চরিত্রটিতে অভিনয় করেছেন জ্যাকম্যান। এবার সেখান থেকে নিচ্ছেন বিদায়। অন্য কেউ যদি ভবিষ্যতে এই চরিত্রে অভিনয় করে, তাহলে কেমন লাগবে জ্যাকম্যান-এর?

উত্তরে তিনি বলেন, “কমিক বইয়ের সিরিজটি দারুন। কারণ অনেক মানুষ ভিন্ন ভিন্নভাবে চরিত্রটিকে ব্যাখ্যা করতে পারবেন। আমার মনে হয় ৬ টি অরিজিন স্টোরি আছে চরিত্রটিকে ঘিরে। সুতরাং অন্যভাবে এটাকে কেউ তুলে ধরলে কেমন হবে সেটা দেখার জন্য আমি সত্যিই মুখিয়ে থাকবো।”

পর্দার উলভারিন লোগান-এর রয়েছে দ্রুততার সঙ্গে নিজেকে সুস্থ করার শক্তি। অথচ’ বাস্তবের হিউ জ্যাকম্যান দীর্ঘদিন ধরে ভুগছেন ত্বকের ক্যান্সারে। কমিক বইয়ের মতো ক্ষমতা থাকেলে কি খুশি হতেন?

জ্যাকম্যান-এর জবাব, “লোগান-এর মতো ক্ষমতার কিয়দংশও থাকলে খুশিই হতাম। এমনিতে আমি হাসিখুশিই থাকি। তবে হ্যাঁ মাঝেমধ্যে মন খারাপ এবং জীবন নিয়ে আক্ষেপও হয় কিন্তু কোনোটাই লোগান-এর মতো নয়! তবে লোগান সবসময়ই একজন ভালো মানুষ ছিলো। চরিত্রটি সবসময়ই আমার মন ছুঁয়ে গেছে।”

‘লোগান’-এর মাধ্যমে কেবল হিউ জ্যাকম্যানই নন, অবসরে যাচ্ছেন প্রফেসর চার্লস এক্সেভিয়ার-এর অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট। এর বদলে এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন এক মিউট্যান্ট চরিত্র- এক্স টোয়েন্টি থ্রিকে, যার মাধ্যমে উলভারিন সিরিজ নতুন করে শুরু করবে মার্ভেল। এই চরিত্রে অভিনয় করেছেন ১১ বছর বয়সী ড্যাফনি কিন।