২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুবন মাঝি’র হাত ধরে বড়পর্দায় ফের মুক্তিযুদ্ধ

১৯৭১ এর যুদ্ধাপরাধ নিয়ে নির্মিত প্রামান্যচিত্র ‘আলবদর’ নির্মাণের পর বড়পর্দায় মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ নিয়ে এলেন নির্মাতা ফাখরুল আরেফিন। আগামীকাল সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। তার আগে বুধবার সন্ধ্যায় ছবির প্রিমিয়ারে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে হাজির হন নির্মাতা, কলাকুশলী ও শুভাকাঙ্খীরা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 06:16 PM

Updated : 11 Oct 2022, 01:33 PM

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। কিন্তু শুধু মুক্তিযুদ্ধই নয় চলচ্চিত্রটিতে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় পরবর্তী বাংলাদেশেরও চিত্র। যে যুদ্ধ এখনও শেষ হয়নি, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে ধর্মান্ধ ও মৌলবাদীদের বিরুদ্ধে যে যুদ্ধ এখনও থামেনি তাই ফুটে উঠেছে ‘ভুবন মাঝি’তে। চলচ্চিত্রটির প্রিমিয়ার শেষে কাঁদছিলেন স্বয়ং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বলছিলেন, মুক্তিযুদ্ধের এমন ছবি দেখে কান্না থামাতে পারছি না। নির্মাতাকে জড়িয়ে ধরেও কাঁদলেন।

প্রিমিয়ারের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান ও সংগীত পরিচালক কালিকাপ্রসাদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, কথা সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, মোরশেদুল ইসলাম প্রমুখ।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নিয়ে তোপের মুখে পড়েন সরকার সংশ্লিষ্টরা। ‘ভুবন মাঝি’ নিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘‘অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাণ নিয়ে নানা ধরণের দীর্ঘসূত্রিতার অভিযোগ আছে। যদিও দু একটি ছাড়া সব ছবির ক্ষেত্রে এমন ঘটেনা। ‘ভুবন মাঝি’ খুব দ্রুত নির্মিত হয়েছে। এটি আমাদের জন্য সুখবর।’’

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এখনও চলচ্চিত্র নির্মিত হচ্ছে। তবে কেন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে নয়। সরকার মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের নির্মাণে আরও সহযোগিতা করতে প্রস্তুত।

তথ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশ যখন জঙ্গীবাদ-সাম্প্রদায়িকতামুক্ত অভিশাপ থেকে বেরিয়ে আসছে তখন ‘ভুবন মাঝি’র মতো চলচ্চিত্র অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে।’’

‘ভুবন মাঝি’কে শুভেচ্ছা জানিয়ে অনুদানের অর্থের স্বল্পতা নিয়ে কথা বলেন নির্মাতা মোরশেদুল ইসলামও। তিনি বলেন, এখন ৫০ থেকে ৬০ লক্ষ টাকা দেয়া হচ্ছে প্রতি চলচ্চিত্রে। এটা একধরণের অনুপ্রেরণা। আমার মনে হয় নির্মাতা যদি সৎ হন, উদ্যোগী হন তাহলে বাকি টাকাটাও জোগাড় করা খুব একটা অসম্ভব নয়।’

বর্তমান সময়ের প্রেক্ষাপটে ‘ভূবন মাঝি’ ও মুক্তিযুদ্ধ নিয়ে মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘‘এ ছবির নির্মাতা ‘আলবদর’ নামে একটি সাহসী ছবি নির্মাণ করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আমি বিশ্বাস করি এ ছবিটিও তিনি সমস্ত মন-প্রাণ দিয়ে নির্মাণ করেছেন।’’

ছবিটির সংগীত পরিচালক কালিকাপ্রসাদ বলেন, ‘‘বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আমরা আমাদের নিজেদেরও অস্তিত্বের অংশ মনে করি। এ ছবির মধ্য দিয়ে আমি প্রথম সংগীত পরিচালনা করছি।’’

চিত্রনায়ক পরমব্রত বলেন, ‘‘মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শানিত করা এ ছবির উদ্দেশ্য। আমি পশ্চিমবাংলার মানুষ হলেও, মুক্তিযুদ্ধকে আমার ইতিহাসের অংশ বলেই জেনেছি। গর্ব হিসেবে জেনে বড় হয়েছি। তাই মুক্তিযুদ্ধ আমার কাছে নতুন করে পাওয়া কিছু নয়। আমার বড় সৌভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের হয়েও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় একটি ছবিতে অভিনয় করতে পেরেছি। সারা পৃথিবীতে মুক্তিযুদ্ধের ছবিগুলোর যে ফর্মুলা তাকে ব্যাকড্রপে রেখে ‘ভুবন মাঝি’ একটা অন্যরকম ছবি। তাই এ ছবিতে আমার যুক্ত হওয়া।’’

নির্মাতা বলেন, ‘‘এটা আমার পরম সৌভাগ্যের দিন। যারা আমাকে চলচ্চিত্রটি নির্মাণে সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা রইলো।’’

আগামীকাল সারাদেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ভুবন মাঝি’।