‘তারকা-সন্তানদেরও টিকে থাকার লড়াই করতে হয়’
আলিয়া ভাটকে উদ্দেশ্য করে কঙ্গনা রানাউতের করা কটাক্ষের কড়া জবাব দিলেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ খ্যাত এ অভিনেত্রী!
কিছুদিন আগে জনপ্রিয় তারকালাপ অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ বলিউডে স্বজনপ্রীতি চর্চা করার জন্য করণ জোহরকে দায়ী করেন ‘রেঙ্গুন’ অভিনেত্রী কঙ্গনা রানাউত। সে সময় আলিয়া ভাটকে বলিউডে প্রতিষ্ঠা পেতে করণের সহায়তার বিষয়টিকেও ‘নিন্দনীয়’ বলে অভিহিত করেন তিনি। এবারে কঙ্গনার সে অভিযোগের জবাব পাওয়া গেল আলিয়ার পক্ষ থেকে!
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি এক অনুষ্ঠানে আলিয়াকে ‘স্বজনপ্রীতি’ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অনেকেই মনে করেন তারকা-সন্তান হলে বোধহয় বলিউডে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায়। তাদেরকে আমি বলবো, হ্যাঁ, তারকা-সন্তান হলে প্রথম সিনেমায় সুযোগ পওয়া হয়ত কিছুটা সহজ হয় কিন্তু টিকে থাকার জন্য তাদেরকে অন্য অভিনেতা-অভিনেত্রীদের মতোই লড়াই করে যেতে হয়।”
আলিয়া আরও বলেন, “তারকা-সন্তান হওয়া কোনো অপরাধ নয়। আমি একজন তারকার ঘরে জন্মেছি আর এ ব্যাপারে আমার কোনো হাত নেই, আমি চাইলেও এটি পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমি যদি আমার কাজের ক্ষেত্রে সৎ না হই তবে আমি ইন্ড্রাস্ট্রিতে টিকে থাকতে পারবো না। এমন অনেক তারকা সন্তান আছেন যারা তারকাখ্যাতির সুবাদে বলিউডে এসেছেন আবার দু’দিন বাদে হারিয়েও গেছেন। কেউ তাদের মনে রাখেনি।”
২৩ বছর বয়সি তরুণ অভিনেত্রী আলিয়া ভাট জনপ্রিয় পরিচালক মহেশ ভাটের কন্যা। করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে বলিউডে অভিষেক ঘটলেও ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’ সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে এখন বলিউডের অন্যতম প্রিয়মুখে পরিণত হয়েছেন তিনি।
সামনেই বরুণ ধাওয়ানের বিপরীতে ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ সিনেমায় দেখা যাবে তাকে।
