২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হলো পথনাটক উৎসব ২০১৭

‘সাম্প্রদায়িকতা মুক্ত শিক্ষা চাই, মুক্ত মানবিক দেশ চাই’  স্লোগান নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ পথনাটক উৎসব ২০১৭। বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত এই বাৎসরিক উৎসব শুরু হলো বুধবার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2017, 05:32 PM

Updated : 11 Oct 2022, 01:32 PM

১৯৯২ সালে পথনাটক পরিষদ গঠিত হওয়ার পর নিয়মিত পথনাটক মঞ্চায়ন করে আসছে। মহান ভাষা আন্দোলনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২০০২ সাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতার মাসের প্রথম সপ্তাহে নিয়মিতভাবে পথনাটকের উৎসব করা হচ্ছে। এতে পরিষদভুক্ত সারাদেশের নাট্যদলগুলো তাদের সমসাময়িক পথনাটক মঞ্চায়ন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজিত হচ্ছে পথ নাটক উৎসব। এবারের আসর উদ্বোধন করেন বিখ্যাত নাট্যকার-নির্দেশক মলয়শ্রী হাশমি। কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো সাত দিনের এই আয়োজন।

পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস জানান, এ আয়োজনের মধ্য দিয়ে পথনাটক পরিষদের নিয়মিত নাট্য প্রদর্শনীর পঁচিশ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে উৎসবের প্রতিদিনই থাকবে বৈচিত্র্যময় লোক আঙ্গিকের নাট্য উপস্থাপনা।

উদ্বোধনী অনুষ্ঠানে মলয়শ্রী হাশমি ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট-আইটিআই-এর সাম্মানিক বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ঝুনা চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মান্নান হীরা।

উদ্বোধনী দিনের আয়োজনে সঙযাত্রা ও ব্রতচারী নৃত্য অনুষ্ঠিত হয়। এছাড়াও আরণ্যক নাট্যদল পরিবেশনায় মান্নান হীরা রচিত ও নিদের্শিত পথনাটক ‘মুর্খ লোকের মুর্খ কথা’ এবং গাজীপুরের মুক্তমঞ্চ নাট্যদলের পরিবেশনায় শহিদুল হাসান শামিম রচিত ও তানভীর আহাম্মেদ চৌধুরী নিদের্শিত চোর সমগ্র (মুখ নাটক) মঞ্চস্থ হয়।

সাত দিনের অনুষ্ঠানসূচীতে আছে- দ্বিতীয় দিন ২ মার্চ মণিপুরী শাস্ত্রীয় নৃত্য, তৃতীয় দিন ৩ মার্চ রামায়ণ পালা, চতুর্থ দিন ৪ মার্চ লাঠিখেলা, পঞ্চম দিন ৫ মার্চ মহুয়া সুন্দরী পালা, ষষ্ঠ দিন ৬ মার্চ গম্ভীরা ও শেষ দিন ৭ মার্চ পরিবেশিত হবে আলকাপ।

প্রতিদিন বিকেল ৫টা থেকে পরপর ছয়টি নাটকের প্রদর্শনী হবে।

ছবি: আরণ্যকের ‘মুর্খ লোকের মুর্খ কথা’ নাটকের একটি দৃশ্য